২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ছাড়াই আগামী বছর মাধ্যমিকে চালু হচ্ছে একমুখি শিক্ষা

শিক্ষা মন্ত্রনালয় পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই ২০০৬ সালের মাধ্যমিক পর্যায়ে একমুখি শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে। একই সাথে তারা স্কুলভিত্তিক মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা সংস্কার কর্মসূচি, বেসরকারি উদ্যোগে পাঠ্যপুস্তক প্রকাশের ব্যবস্থা করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুক নিজেই বৃহস্পতিবার মন্ত্রণালয়ে আহুত এক সংবাদ সম্মেলনে বলেন, ওই একমুখি শিক্ষা পদ্ধতি শিক্ষকদের ওপর আস্থার একটি পরীক্ষা। মন্ত্রীর এই বক্তব্যে একই সঙ্গে একমুখি শিক্ষা পদ্ধতি প্রবর্তনের বিষয়ে সরকারের দ্বিধাদ্বন্দ্বের আভাষ পাওয়া যায়।

একমুখি শিক্ষাব্যবস্থা প্রবর্তণ, স্কুলভিত্তিক মূল্যায়ন, পাঠ্যপুস্তক বেসরকারিকরণ এবং পরীক্ষা পদ্ধতি সংস্কারের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান গাজী আহসানুল কবির এবং সচিব আব্দুল্লাহ আজিজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৬ সালে মাধ্যমিক পর্যায়ে শুরু হতে যাওয়া ওই একমুখি শিক্ষা পদ্ধতিতে প্রথম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০০৮ সালে। এ পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান এবং বানিজ্য বিভাগ নামে আলাদা কোনো বিভাগ থাকছে না। শিক্ষার্থীদের একটি মাত্র বিভাগে বিভিন্ন বিষয়ে পড়তে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেন, একমুখি শিক্ষা পদ্ধতিতে ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নতি হবে। এ পদ্ধতি শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিং-এ পড়তে হবে না।

শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনও বলেন, শিক্ষকদের ওপর জাতির আস্থা এবং বিশ্বাস জন্মানোর জন্য এ পদ্ধতি তাদের জন্যও একটি পরীক্ষা।

শিক্ষামন্ত্রী আরেক প্রশ্নের জবাবে বলেন, একমুখি শিক্ষা পদ্ধতি ছাত্র-শিক্ষক সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। এই পদ্ধতিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলাদা থাকলেও একে আরো আধুনিকায়ন করার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ইংরেজী মাধ্যমের স্কুলগুলোতে এ পদ্ধতি বাস্তবায়ন করার জন্য এরইমধ্যে ৬০০টি স্কুল সনাক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তবে বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি, একমুখি শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা সংস্কার, পাঠ্যপুস্তক বেসরকারিকরণ ইত্যাদি চালু করার ব্যবস্থা নেওয়া হলেও সংশিষ্ট শিক্ষকরা এখনো এ সম্পর্কে ঠিকমতো অবগত নন।