মানিকগঞ্জে হত্যা সংক্রান্ত দুটি মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের বহুল আলোচিত টেম্পু ড্রাইভার আবু সাঈদ হত্যা ও হেলপার হত্যা চেষ্টা সংক্রান্ত পৃথক মামলায় দুইজনকে ফাঁসি-যাবজ্জীবন উভয় রায়সহ তিনজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহার হোসেন এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোকছেদ, টুটুল ও রিপনকে ফাঁসির আদেশ দেন এবং অপর মামলায় মোকছেদ ও টুটুলসহ আরেক আসামী নিতাইকে যাবজ্জীবন কারাদন্ড দেন।
মামলার অপর দুই আসামী আদালত খাঁ ও মোবারক হোসেনকে আদালত বেকসুর খালাস দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর রাতে আসামীরা শিবালয় উপজেলার দাসকান্দি এলাকায় ড্রাইভার আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে এবং এরপর তার হেলপার বাদশাকে আরিচা ঘাটে নিয়ে গলা ও পায়ের রগ কেটে ফেলে রেখে আসে। এ ঘটনায় শিবালয় থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
