নেত্রকোণার মদনে শিক্ষাবঞ্চিত ১,২০০ শিশু, মানবেতর জীবন যাপন করছে ৪০ শিক্ষক
নেত্রকোণা মদন উপজেলার ৪০ জন শিক্ষক সাত বছর ধরে বেতন ভাতা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে ভাটি এলাকার ১ হাজার ২শ’ ছাত্রছাত্রীর শিক্ষার ভবিষ্যৎ।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে শিক্ষক ও ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সাংবাদিকদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, মদন পৌরসভা সদরসহ ৫টি ইউনিয়নে বেসরকারি সংস্থা ‘ঘরণী’ ১০টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৯৭-৯৮ অর্থবছরে চালু করে। ওই এনজিও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও একগুয়েমির কারণে বিদ্যালয়গুলো এ পর্যন্তও এমপিওভুক্ত হয়নি।
শিক্ষক ও অভিভাবকদের সাথে আলাপ করে জানা যায়, সাত বছর আগে ঘরণী ১০টি স্কুলঘর নির্মাণ করে। প্রতিটি স্কুলের জন্য দাতারা ৩৩ শতাংশ করে জমি প্রদান করে। কিন্তু সংস্থাটির অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষকরা চুক্তি মোতাবেক বেতন-ভাতা এবং ছাত্র-ছাত্রীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
