পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রিল ড্রেজার দিয়ে ভূগর্ভের পাথর ও বালি উত্তোলন: ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আবার অর্ধশতাধিক ড্রিল ড্রেজার মেশিন দিয়ে ৭০ থেকে ৯০ ফুট ভূগর্ভ থেকে পাথর এবং বালি উত্তোলন শুরু করেছে এক শ্রেণীর ব্যবসায়ী। ফলে ভূগর্ভে বিশাল শূন্যতা সৃষ্টি হওয়ায় আকস্মিক ভূমিধস ঘটে মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কায় রয়েছে এলাকাবাসী।
এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে ভূমি এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন ড্রিল ড্রেজার দিয়ে পাথর ও বালি উত্তোলন বন্ধ করে দেয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী নেতাকর্মী ও প্রশাসনের কিছু লোকের সহযোগিতায় পুনরায় পাথর ও বালি উত্তোলন এবং বাজারজাত শুরু হয়েছে।
সরেজমিন ঘুরে জানা যায়, প্রতিটি মেশিনের মাধ্যমে প্রতিদিন ভূগর্ভ থেকে ১২ হতে ১৫শ ঘনফুট পাথরসহ সমপরিমাণ বালি উত্তোলন এবং বাজারজাত করা হচ্ছে। বর্তমানে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালিতলা, ওয়াপদা, নারায়ণগছ ও ভজনপুর ইউনিয়নের ভদেশ্বর, গোলাপদীগছ, নিজবাড়ী এলাকায় ৫২টি ড্রিল ড্রেজার মেশিন চালু রয়েছে এবং আরও আড়াই শতাধিক মেশিন সমগ্র উপজেলায় চালুর প্রস্তুতি চলছে।
বিষয়টি নিয়ে তেঁতুলিয়া উপজেলাবাসী প্রতিবাদ সভা ও মিছিল করে। গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিও সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. তৌহিদুল বারী বাবু বলেন, পঞ্চগড় জেলা হিমালয়ের কাছাকাছি অবস্থিত। এজন্য অঞ্চলটিতে নিম্নমুখী চাপ রয়েছে। পারিপার্শ্বিক অবস্থা এবং ভূ-গর্ভের উপাত্ত সংগ্রহ ছাড়াই ড্রিল ড্রেজারের মাধ্যমে পাথর ও বালি উত্তোলন করে ভূগর্ভে শূন্যতা সৃষ্টি করলে ভূমিধসসহ ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়ে পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।
পঞ্চগড় জেলা পাথর বালি ব্যবসায়ী ও সরবরাহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, এর আগে বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হলে তা বন্ধও হয়েছিল, কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা আবারও তা শুরু করেছে।
জেলা প্রশাসক মো. আজাহার আলী বলেন, পাথর উত্তোলন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার শালবাহানে সাধারণ মানুষকে নিয়ে এক সভা আহবান করেন। তিনি নিজে ওই সভায় পাথর উত্তোলন বন্ধের জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
