২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ১,২৪০টি ফলবাগান করা হচ্ছে

ফলের আমদানি কমিয়ে আনতে এবং মানসম্পন্ন ফল উৎপাদনের লক্ষ্যে যশোরে ১ হাজার ২ শ’ ৪০টি ফলবাগান করা হচ্ছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 10:37 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সম্প্রতি যশোরে ফলবাগান স্থাপন ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ফলচাষীদের ঋণবিতরণ পরবর্তী পর্যালোচনায় আলোচকরা বলেন, আমরা বেশি দামে বিদেশ থেকে কম খাদ্যমান সমৃদ্ধ ফল আমদানি করছি।

অথচ আমাদের দেশীয় ফলে অধিক খাদ্যমান রয়েছে, আবার দামও কম। আমরা যদি পতিত জমিতে ফল চাষ সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তবে তা দেশের চাহিদা পূরণসহ বাইরে রফতানিও হতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের প্রশিক্ষণ হলে হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মেছের আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বলা হয়, ফলের চাহিদা মেটাতে যশোরের ৮টি উপজেলায় ১ হাজার ২শ’ ৪০টি ফলবাগান তৈরি করা হবে। এ লক্ষ্যে ১ হাজার ২শ’ ৪০ জনের মধ্যে ৬শ’ ফলচাষীকে ইতিমধ্যে এ সংক্রান্তে একদিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। প্রশিক্ষিত ফলচাষীদের মধ্যে ৫ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

আলোচকরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০টি হর্টিকালচার সেন্টার, বিএডিসির ২২টি উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ১৩টি কেন্দ্র এ কর্মসূচির সাথে সম্পৃক্ত রয়েছে।

আলোচকরা জানান, যশোরের ১৫টি পুরনো ফলবাগান পরিচর্যার জন্য নির্ধারণ করা হয়েছে। ফলচাষ সংক্রান্ত অভিজ্ঞ ৮শ’ ৪০ জন চাষীকে ইতিমধ্যে বিভিন্ন ফল গাছের চারা সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রাশাসক মোহাম্মদ আবদুল ওয়াজেদ। আলোচনা করেন কৃষিবিদ ড. মো. আখতারুজ্জামান।