২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পর্যায়ে বিএসটিআই’র শাখা হচ্ছে

শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, সরকার জেলা পর্যায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যাণ্ড টেস্টিং ইন্সটিটিউটের (বিএসটিআই) শাখা অফিস খোলার চিন্তা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

খাদ্য ও অন্যান্য পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে বুধবার তিনি একথা জানান। তিনি বলেন, এ অভিযান চলতেই থাকবে।

মন্ত্রী বলেন, দেশের মানুষ ভেজালের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমান আদালতের চলমান এ অভিযানকে স্বাগত জানিয়েছে।

তিনি জানান, মন্ত্রণালয় জেলা পর্যায়ে বিএসটিআই’র শাখা কার্যালয় স্থাপনের পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং অপরাধ দমন সংক্রান্ত আইনের বাস্তবায়ন অসম্ভব।

মতিউর রহমান নিজামী আরও বলেন, সরকার এ ব্যাপারে তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলতে থাকবে এবং আদালতের সংখ্যা আরও বাড়াতে হবে।

শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।