শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চাকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ও একমাত্র কর্তব্যকর্ম স্থির করার সময় এসেছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চাকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ও একমাত্র কর্তব্যকর্ম স্থির করার সময় এসেছে। আজকের তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে এ লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কোন অবকাশ নেই।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু আজ দেশের প্রেক্ষিত ও প্রেক্ষাপট অনেক বদল হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মেধাবি ছাত্রদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন প্রমুখ। প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন মেধাবি ছাত্রকে বেগম খালেদা জিয়া ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগোষ্ঠীকে শিক্ষিত, প্রশিক্ষিত ও দক্ষ করে মানব সম্পদে পরিনত করার মধ্যেই রয়েছে আমাদের অগ্রগতি ও সমৃদ্ধির চাবিকাঠি। দ্রুত পরিবর্তনশীল ও তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য আসন নিশ্চিত করতে জ্ঞানচর্চার বিকল্প নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সবার জন্যে শিক্ষা নিশ্চিত করতে বহুমুখি কর্মসূচি বাস্তবায়ন করে চলেছি। পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিভাগ, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র স্থাপন করতে শিক্ষকমন্ডলী, চিন্তাবিদদের প্রতি প্রধানমন্ত্রী অনুরোধ জানান।
বেগম খালেদা জিয়া আশা প্রকাশ করেন, উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার অনুকূল ও সুস্থ পরিবেশ অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক, ছাত্রসহ সংশ্লিষ্ট সকলে প্রত্যাশিত ভূমিকা পালন করবেন। ছাত্রছাত্রীরা লেখাপড়া ও শিক্ষকরা শিক্ষদানে আরও বেশি মনোযোগি হবেন। বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার মান উন্নয়ন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশ এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখা, সময়মতো পাঠদান শুরু ও সমাপন, জবাবদিহিতা ইত্যাদি বিষয়ে আরও কার্যকর ও অর্থবহ ভূমিকা রাখতে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যদের প্রতি আহ্বান জানান।
