২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বের গ্রেনেড হামলার যথাযথ তদন্ত না হওয়াতেই ১৭ আগস্টের ঘটনা ঘটেছে : ব্রিটিশ হাইকমিশনার

পূর্বের যে কোনও গ্রেনেড হামলার চেয়ে ১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার ঘটনাকে অনেক বড় এবং বিধ্বংসি হিসেবে উল্লেখ করে ব্রিটিশ হাইমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, আগের গ্রেনেড হামলার যথাযথ তদন্ত ও বিচার না হওয়াতেই সন্ত্রাসীরা ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা ঘটানোর সাহস পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

রোববার পররাষ্ট মন্ত্রণালয়ের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আনোয়ার চৌধুরী বলেন, বাংলাদেশে ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ ছিল একটি মারাত্মক ঘটনা। এটা বাংলাদেশের জন্য একটি বড় ধরনের অশুভ সঙ্কেত। আমরা মনে করি এ ব্যাপারে এখনই সতর্ক হওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমরা আশা করছি জনগণ সচেতন হয়ে উঠেছে এবং তারা একাত্ম হয়ে এই ঘটনার মোকাবেলা করবে।

পূর্বের গ্রেনেড হামলার ফলাফল এবং সর্বশেষ ঘটনায় অপরাধিদের বিচারের আওতায় আনা যাবে কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা তাই আশা করছি। আমিও একটি হামলায় আহত হয়েছি। ১৭ আগস্টের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ। এসকল হামলার মূল এক জায়গায। একজোট হয়েই তারা এসব ঘটনা ঘটিয়ে চলেছে।

তিনি বলেন, আমরা আশা করি সচেতন হওয়ার এ আহ্বান সবার কাছে পৌঁছেছে এবং এখন বিষয়টি সকলের কাছে অত্যন্ত পরিষ্কার যে, কী হওয়া প্রয়োজন এবং কেন প্রয়োজন।

আনোয়ার চৌধুরী বলেন, ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সরকারের ঢিলেঢালা উদ্যোগে তিনি উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তবে পরে সরকারের এ বিষয়টিকে প্রধান্য দেওয়া এবং দুর্বৃত্তদের ধরার ব্যাপারে গুরুত্ব দেওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার বিষয়টি বুঝতে পেরেছে এবং পররাষ্ট্র মন্ত্রী এ ব্যাপারে সম্ভাব্য সবকিছু করা হবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সরকারের প্রতি বৃটেনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, সম্প্রতি আমাদের দেশেও এমন ঘটনা ঘটেছে। সন্ত্রাসবাদ কিভাবে একটি সমাজে জেঁকে বসতে পারে এবং কেন এটা ভয়ংকার তা আমরা বুঝেছি।

১৭ আগস্টের বোমা হামলার পরিকল্পাকারীদের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসীদের যোগসূত্র রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে আনোয়ার চৌধুরী বলেন, সরকার ইতোমধ্যে সন্দেহভাজন অনেককেই গ্রেফতার করেছে এবং তারা স্বীকার করেছে তাদের নেতা কে।

বোমা হামলার তদন্তের জন্য বৃটেন কোনও তদন্তকারীদল পাঠাবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, তারা লন্ডন বোমা হামলার ঘটনা তদন্তে ব্যস্ত থাকা সত্ত্বেও বাংলাদেশের বোমা হামলার তদন্তে সহায়তা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বোমা হামলার পর বিশ্বে বাংলাদেশর ভাবমূর্তিতে কি প্রভাব পড়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী হিসেবেই। সেখানে ইসলামী সন্ত্রাসী বা ধর্মীয় সন্ত্রাসী বলে কিছু নেই। তবে সাম্প্রতিক মৌলবাদীদের হুমকি কার্যকরভাবে মোকাবেলা করা উচিত। এটা ধর্মীয় বিষয় না, এটা জাতীয় ইস্যু।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা উদ্ধার করতে হবে।

আনোয়ার চৌধুরী বলেন, বোমা হামলার সাথে জড়িত ভেবে বিপুল সংখ্যক মানুষকে গ্রেফতার করতে হবে এমন নয়। যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরই গ্রেফতার করা উচিত।

পরে মোরশেদ খান বলেন, অন্য যেকারো চেয়ে এ ব্যাপারে আমরা ভাল জানি। হামলকারীদের খুঁজে বের করতে সরকার বদ্ধ পরিকর।