২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভোকেট ফরিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের আদেশ হাইকোর্টে স্থগিত

আদালত অবমাননার দায়ে হাইকোর্ট গত ২৩ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদুল আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের যে নির্দেশ দিয়েছিলেন শনিবার তা আবার স্থগিত রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

হাইকোর্টের একটি রায়ের কপি পুড়িয়ে ফেলার অভিযোগে কক্সবাজার আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট ফরিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছিল।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত করার জন্য মোহাম্মদ ফরিদুল আলমের দাখিল করা একটি পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সাথে আগামী ২৫ অক্টোবর পিটিশনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

একই বেঞ্চ হাইকোর্টের একটি রায়ের কপি পুড়িয়ে ফেলার অভিযোগে আদালত অবমাননার দায়ে গত ২৩ আগস্ট কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানিয়ে অ্যাডভোকেট ফরিদুল আলমের প্রতি একটি কারণ দর্শানো নোটিশ জারি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী নূর হোসেন চৌধুরীর দাখিল করা একটি পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট আগামী ২৫ অক্টোবর তাকে তার অবস্থান ব্যাখ্যা করার জন্য সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম, অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও খালেদ আল মামুন।

হাইকোর্ট গত ২৩ মে আইনজীবী এবং তাদের সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

বিরোধী দল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা হাইকোর্টের এ আদেশের প্রতিবাদ জানায়।

গত ২৯ জুলাই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) বিচার বিভাগ পৃথকীকরণ এবং সৎ ও যোগ্য বিচারক নিয়োগসহ সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের দাবিতে আইনজীবীদের মহাসমাবেশ করে।

মহাসমাবেশে দেয়া বক্তব্যে অ্যাডভোকেট ফরিদুল আলম আইনজীবীদের আন্দোলন বন্ধ করার জন্য হাইকোর্ট যে আদেশ দেন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে হাইকোর্টের ওই রায়ের একটি কপি পুড়িয়ে ফেলেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এজন্য দুঃখ প্রকাশ করেন এবং পরিষদ অ্যাডভোকেট ফরিদুল আলমের পক্ষ থেকে ক্ষমা চান।