বুলগেরিয়ার নতুন প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার, পররাষ্ট্রমন্ত্রীকে মোরশেদ খানের অভিনন্দন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুলগেরিয়ার নতুন প্রধানমন্ত্রী সের্গেই স্ট্যানিশেভকে অভিনন্দন জানিয়েছেন।
স্ট্যানিশেভের কাছে পাঠানো এক বার্তায় খালেদা জিয়া রিপাবলিক অব বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। স্ট্যানিশেভের নেতৃত্বে বুলগেরিয়া অদূর ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, স্ট্যানিশেভের আমলে উভয় দেশ ও জনগণের স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
অন্যদিকে ইভেলো কালফিন বুলগেরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান তাকে অভিনন্দন জানিয়েছেন।
কালফিন এর কাছে পাঠানো বার্তায় তিনি উভয় দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
