২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান তাড়ি খেয়ে মাতলামি করার অপরাধে মাদ্রাসা থেকে বহিস্কৃত হয়েছিলেন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমান ১৯৭৫-৭৬ সালে গাজীপুরের এক মাদ্রাসায় আলিম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তাড়ি পান করে মাতলামি করার অপরাধে বহিস্কৃত হয়েছিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আব্দুর রহমানের সহপাঠি ও এলাকার লোকজনের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জান যায়, আবদুর রহমানের বাবা আবদুল্লাহ ইবনে ফজল গাজীপুরের আহলে হাদিস প্রভাবিত এলাকা ছয়দানা, পিরুজালি, মাস্টারবাড়ি, ভাওরাইদ ও ভাওয়াল মির্জাপুরে জনপ্রিয় ধর্মীয় নেতা ছিলেন। তিনি প্রতি বছর শীতকালে এসব এলাকায় ওয়াজ মহাফিল করে বেড়াতেন। সেই সূত্র ধরে ১৯৭৫ সালে তিনি অবাধ্য পুত্র আবদুর রহমানকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জপুর ইউনিয়নের পিরুজালী আমানিয়া সিনিয়র মাদ্রাসায় আলিম শ্রেণীতে ভর্তি করান। স্থানীয় গফুর মেম্বারের বাড়িতে থেকে আবদুর রহমান লেখাপড়া করেন। পরে অবশ্য তিনি একই গ্রামের আব্দুল কাইয়ুম মাস্টারের বাড়িতে ‘লজিং মাস্টার’ নিয়োজিত হন।

আবদুর রহমানের সহপাঠি ও গাজীপুর সদরের এক কলেজ শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, আবদুর রহমান খুবই বখাটে প্রকৃতির ছেলে ছিল। প্রতিবেশির মুরগি চুরি করে পিকনিক করা, রাতের আঁধারে ফল-ফলাদি চুরি করা, বাড়ির ছেলে-মেয়েদের উত্যক্ত করা-এসব ছিল তার নিত্যদিনের ঘটনা। ৭৬ সালের কোন এক সন্ধ্যায় তাড়ি (তাল গাছের গাঁজানো রস) পান করে মাতলামি করার অপরাধে আবদুর রহমানের বিরুদ্ধে পিরুজালী গ্রামে সালিস বসে। পরে এ অভিযোগ আমানিয়া সিনিয়র মাদ্রাসা পর্যন্ত গড়ালে তৎকালীন অধ্যক্ষ মরহুম মাওলানা মো. হাবিবউল্লাহ আবদুর রহমানকে মাদ্রাসা থেকে বহিস্কার করেন। পিরুজালী গ্রামের বয়সী লোকজনের সাথে কথা বলে এ ঘটনার সত্যতা পাওয়া যায়।

৩০ বছর আগে পিরুজালী গ্রামে এক বছরের বেশি সময় থাকা ফজল মাওলানা’র দুষ্ট-চঞ্চল-অবাধ্য ছেলে আবদুর রহমান ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলা নায়ক একথা শুনে গ্রামের লোকজন আবাক না হয়ে আর পারে না।