১০ বছর আগের ছিনতাই মামলায় ২ পুলিশ ও তিন সোর্সের যাবজ্জীবন
রাজধানীর নবাবপুর রোডের হোটেল সিমলা থেকে ১০ বছর আগে মালয়েশিয়াগামী দুই যাত্রীর কাছ থেকে নগদ টাকা, পাসপোর্ট ও বিমান টিকিট ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানার দুই পুলিশ এবং তিন সোর্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর ৩ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান শনিবার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ২৯ জুন রাত ১০টায় পুরনো ঢাকার নবাবপুর রোডের হোটেল সিমলা থেকে অভিযুক্তরা অস্ত্র ঠেকিয়ে সিরাজগঞ্জ জেলার মাহমুদপুর গ্রামের বকুল তালুকদার ও তার বন্ধু কামরুলের কাছ থেকে আড়াই হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশী টাকা, পাসপোর্ট ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট ছিনিয়ে নেয়। তারা উভয়েই মালয়েশিয়ায় চাকরি করতো। অভিযুক্তরা তাদের কাছে আরও একলাখ টাকা দাবি করে। ঘটনার পর বকুল বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে।
ওই বছরের ১৮ ডিসেম্বর আদলতে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। মামলার বিচার চলাকালে ১৯ সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য নেওয়া হয়।
রায় দেওয়ার সময় এসআই (বরখাস্ত) ইমরুল হক, কনস্টেবল (বরখাস্ত) সৈয়দ বজলুল গনি, পুলিশের সোর্স জাহিদ হাসান জীবন উপস্থিত থাকলেও অপর দুই আসামি সোর্স জাকির হোসেন এবং শহিদুর রহমান হীরু পলাতক ছিল।
