২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুটি সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ তিনজন নিহত

নওগাঁর মহাদেবপুর ও সাপাহার উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শনিবার এক মহিলাসহ তিনজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ সূত্র জানায়, সকাল নয়টায় মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নাজিপুরগামী একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় পারভীন (২৫) নামের এক সাইকেল আরোহী। মহাদেবপুরের দেবরপুর গ্রামের নাজির উদ্দিনের মেয়ে পারভীন এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ নিতে বাইসাইকেলে চালিয়ে উপজেলা সদরে যাচ্ছিল। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক দ্রুত পালিয়ে যায়।

এদিকে সাপাহার উপজেলায় সকাল সাড়ে ১০টায় শ্যালো ইঞ্জিনে চালিত যাত্রীবাহী একটি ভটভটি দুর্ঘটনায় পতিত হলে দুই যাত্রী নিহত হয়। এতে অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পোরশা থেকে সাপাহার আসার পথে খোট্টাপাড়া মোড়ে ভটভটির সামনের চাকাটি খুলে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই খোট্টাপাড়া গ্রামের হাবিবুর রহমান (৩০) নামে এক জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মারাত্মক আহত রোদ গ্রামের শ্রীকৃষ্ণ (৪০), জামাল (৩৫), ধীরেন চন্দ্র (৪০) ও নূরুলকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সকাল ১১টায় ধীরেন চন্দ্রের মৃত্যু হয়।

পুলিশ দুর্ঘটনা কবলিত ভটভটি আটক এবং সকল লাশ উদ্ধার করেছে।