২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বলছে দক্ষিণ এশিয়া, ভারতের সতর্ক হওয়া উচিত: বিশেষজ্ঞ

ভারতীয় বৈদেশিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রতিবেশী দেশগুলোর সাথে দেশটির ‘বিরূপ পরিস্থিতির’ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে সতর্ক করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

একই সঙ্গে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে প্রো-এ্যকটিভ বৈদেশিক নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, ভারতের সাথে সীমান্ত লাগোয়া সবগুলো দেশে একই সাথে চরমপন্থীরা সক্রিয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক নেটওয়ার্ক সমৃদ্ধ এই চরমপন্থীগোষ্ঠির বেশিরভাগই স্বভাবে অত্যন্ত নির্মম।

এ ব্যাপারে তারা উদাহরণ হিসেবে বাংলাদেশে গত ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলার কথা উল্লেখ করেন। বিশেষজ্ঞরা এই ঘটনাকে সীমান্ত সংলগ্ন কোনও দেশে ইসলামী মৌলবাদী শক্তির উত্থানের সর্বশেষ সতর্কতা সঙ্কেত হিসেবে দেখছেন। বিস্ফোরণে মাত্র দু’জন নিহত হলেও সারাদেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ এসডি মুনি নেপাল, শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশের উল্লেখ করে বলেন, দেশগুলোর সাথে ভারতের প্রতিবেশী সূলভ সম্পর্ক হুমকির মুখে।

মুনি ছাড়াও অশোক মেহতা এবং সুবা চন্দ্রাণ নামে অপর দুই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিবেশী চারটি দেশে এবং আফগানিস্তানে অব্যাহত বিশৃঙ্খলা ভারতকেও আঘাত করতে পারে।