ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ৫ সেপ্টেম্বর ঢাকা আসছেন
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ার আগামী ৫ সেপ্টেম্বর ২ দিনের সফরে ঢাকা আসছেন। শুক্রবার তার সফরের এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন স্থাপনে তিন দেশের জ্বালানি মন্ত্রী পর্যায়ে সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষরের আগে বাংলাদেশের তিন শর্তের বিষয় নিষ্পত্তির আলোচনার জন্যে আয়ারের এই ঢাকা সফর বলে জানা গেছে।
সূত্র জানায়, মনি শংকর আয়ারের সাথে সফর সঙ্গী হিসাবে আসছেন পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তালমিজ আহমেদ এবং যুগ্ম সচিব (লিগাল) শ্রীভাস্তব। সফরের প্রথম দিন জ্বালানি মন্ত্রণালয়েল সাথে আনুষ্ঠানিক আলোচনা হবে পরে উচ্চ পর্যায়ের আরও কয়েকটি বৈঠক শেষে পরেরদিন মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা ত্যাগ করবেন।
ভারতের লোকসভার অধিবেশন বর্ধিত হওয়ার কারণ দেখিয়ে ২৭ আগস্ট আয়ারের প্রস্তাবিত বাংলাদেশ সফর পিছিয়ে দেয়া হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আয়ার আগামী ২৮ আগস্ট এক সফরে নরওয়ে যাচ্ছেন। এ সফর শেষে লন্ডন থেকে ব্রিটিশ এয়ার ওয়েজ যোগে তিনি ৫ সেপ্টেম্বর ভোরে ঢাকায় এসে পৌঁছাবেন।
মোহনা হোল্ডিং লিমিটেডের একটি প্রস্তাবের আলোকে মায়ানমারের গ্যাস বাংলাদেশের উপর দিয়ে ভারতে নেয়ার জন্যে গত জানুয়ারি মাসে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে তিন দেশের জ্বালানি মন্ত্রীদের এক বৈঠকে অনুষ্ঠিত হয়।
এতে ত্রিদেশী পাইপ লাইন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের শর্তসহ তিন দেশ একমত পোষণ করে একটি ঘোষনা প্রকাশ করে। এর আলোকে তিন দেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয় টেকনো কর্মাশিয়াল কমিটি। কমিটি গত ফেব্রুয়ারি মাসে বৈঠকে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করে। এতে পাইপ লাইন স্থাপনের রাইট অব ওয়ে দেয়ার জন্যে বাংলাদেশ যে তিনটি শর্ত-ভূটান ও নেপালের সাথে যানবাহন ট্রনজিট ও জনবিদ্যুত আমদানী সুবিধা প্রদান এবং বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা অন্তর্ভূক্ত করা হয়।
পরে ভারতের পক্ষ থেকে তিন শর্ত কিভাবে পূরণ করতে হবে তা নিয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়। কিন্তু এটি চূড়ান্ত করার জন্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গত মার্চ মাসে গঠন করা হলেও কোনো কাজ এগুয়নি। আশা করা হচ্ছে এবারে আয়ারের সফরকালে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।
জানা গেছে, এই বৈঠকে চূড়ান্ত হয়ে থাকা খসড়া সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হবে। জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র বিডিনিউজকে জানায়, দ্বিপাক্ষিক বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখও চূড়ান্ত হতে পারে।
অবশ্য তা স্বাক্ষরের আগে প্রত্যেক দেশের মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।
এই সফরকালে আয়ার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের সাথে সৌজন্য বৈঠকে মিলিত হবেন।
