সিটি কর্পোরেশনের কার্যক্রমের জন্য কর্পোরেশনের এখতিয়ার বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে: খুলনা মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমান বলেছেন সিটি কর্পোরেশনের কার্যক্রমের জন্য কর্পোরেশনের এখতিয়ার বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে।
‘নগর সরকার’ গঠনের উদ্দেশ্যে শনিবার ঢাকায় মেয়র হাউজে অনুষ্ঠেয় দেশের ছয় মেয়রের বৈঠকেও তিনি নিজস্ব কিছু প্রস্তাবনা তুলে ধরবেন।
এ প্রসঙ্গে খুলনার মেয়র শুক্রবার বিডিনিউজকে বলেন, সিটি কর্পোরেশনের কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে কর্পোরেশনের এখতিয়ার বৃদ্ধি ও ক্ষমতায়নের প্রয়োজন জরুরি হয়ে উঠেছে। এবং সেটা সবগুলো কর্পোরেশনের জন্য অভিন্ন হলে সুবিধা হবে।
মেয়র বলেন, বর্তমান পদ্ধতি ও কাঠামোতে সিটি কর্পোরেশনগুলো শহরবাসীদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে না। সেবামূলক সংস্থাগুলোর সাথে বিদ্যমান ব্যবস্থায় সমন্বয়ের সুযোগ না থাকায় কর্পোরেশন কাজ করতে বাধার সম্মুখীন হতে হয়।
তিনি জানান, এ অবস্থার অবসানের লক্ষ্যেই দেশের ছয় মেয়র নগর সরকার প্রতিষ্ঠার জন্য সরকার প্রধানের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে। মেয়র জানান, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে মেয়রদের মধ্যে এটি হতে যাচ্ছে দ্বিতীয় দফা বৈঠক। এর আগে ২০০৪ সালের ১৮ জুন ঢাকায় ছয় মেয়রের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
মেয়র শেখ তৈয়বুর রহমান বলেন, নগর সরকারের জন্য আমরা অভিন্ন্ ১৩ দফা সুপারিশ করবো। তার মধ্যে থাকবে ট্রাফিক পুলিশের ওপর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ আরোপ, টি এন্ডটি ও পিডিবি’র ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ, কেডিএ, সিডিকে, আরডিকে সিটি কর্পোরেশনের প্লানিং সেল হিসেবে গণ্য করা, উন্নয়ন কাজে জমি অধিগ্রহণের ক্ষমতা জেলা প্রশাসনের পরিবর্তে কর্পোরেশনের ওপর ন্যস্ত করা, ওয়ার্ড কমিশনার শব্দের পরিবর্তে কাউন্সিলার শব্দের ব্যবহার, এবং স্ট্রিট লাইট, পার্ক, কবরস্থান, শ্মশান ঘাটের বিল কর্পোরেশনের ওপর ন্যস্ত না করা ইত্যাদি।
