২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জামা’আতুল মুজাহিদীনের লিফলেট বিতরণ, ফের হামলার আশংকা

খুলনা শহরের প্রাণকেন্দ্রে বৃহস্পতিবার গভীর রাতে জামা’আতুল মুজাহিদীনের ইতিহাস সম্বলিত লিফলেট ছড়ানো হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

লিফলেট ছড়ানোর খবরে প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এবং আবারও হামলার আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় সাদা রংয়ের একটি চলন্ত মাইক্রোবাস থেকে নগরীর খান এ সবুর রোডস্থ আইএফআইসি ব্যাংকের সামনে প্রায় দেড় শতাধিক লিফলেট ছড়িয়ে দেওয়া হয়। লিফলেট ছড়ানো শেষে মাইক্রোবাসটি দ্রুত স্থান ত্যাগ করে।

পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এ ঘটনায় কাউকে আটক করা হয় নি। এতে আবারও প্রশ্ন উঠেছে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে ।

‘জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের ইতিহাস’ শিরোনামে লিফলেটে গত ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার দায় দায়িত্ব স্বীকার করা হয়। এতে জামা’আতুল মুজাহিদীনের ইতিহাস এবং আবদুল্লাহ হেল বাকী, ড. আসাদুল্লাহ আল গালিব এবং বাংলা ভাইসহ বিভিন্ন নেতা সম্পর্কিত তথ্য রয়েছে।

এছাড়া লিফলেটে জামা’আতুল মুজাহিদীনের জন্ম ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশে মুসলিম জঙ্গিবাদের উৎপত্তি এবং বিস্তার সম্পর্কে বর্ণনা রয়েছে।