২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইলি রোড এখন থেকে নাটক সরণি

বদলে গেল বেইলি রোডের পরিচয়। ঢাকা নাট্য চর্চার ঐতিহ্য ধরে রাখতে এখন থেকে স্বনামে পরিচিত হবে এই সরণিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আনুষ্ঠানিকভাবে এই সড়কটির নতুন নামকরণ করা হলো ‘নাটক সরণি’।

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মঞ্চ নাটক ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রটির নতুন নামকরণ করে সেখানে ফলক স্থাপন করেছে। শুক্রবার ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা এই সরণির নামফলক উন্মোচন করেন। এ সময় দেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্বরা ছাড়াও ডিসিসির কর্মকর্তা ও কমিশনাররা উপস্থিত ছিলেন।

পরে মেয়র খোকা নাটক সরণির মহিলা সমিতি মঞ্চে গ্রুপ থিয়েটার ফেডারেশনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন নাট্যকার সাঈদ আহমেদ।

ফেডারেশনের চেয়ারম্যান মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহাসচিব লিয়াকত আলী লাকী, রামেন্দু মজুমদার, ম. হামিদ প্রমুখ।

মেয়র সাদেক হোসেন খোকা দেশে সুস্থ সংস্কৃতির বিকাশে নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে সংস্কৃতি কর্মীদের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন।