নীলফামারীতে বাংলা ভাইয়ের নামে চাঁদাবাজির দায়ে তিন জনের কারাদণ্ড
নীলফামারী এলজিইডিতে বাংলা ভাইয়ের নামে চাঁদাবাজি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুই যুবককে দুবছর করে সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রধান আসামি পলাতক জাহাঙ্গীর আলমকে দেওয়া হয়েছে পাঁচ বছর সশ্রম করাদণ্ড। ঘটনার দু’মাস ২১ দিনের সময় নীলফামারী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হাবিবুর রহমান বৃহষ্পতিবার এ রায় প্রদান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, চাঁদাবাজ দলের নেতা ঢাকার মীরপুর-১ এর স্টাফ কোয়ার্টার কলোনির বাসিন্দা জাহাঙ্গীর আলমের সাথে টেলিফোনে কথা বলার পর ৪ জুন বাংলা ভাইয়ের লোক পরিচয়ে যশোরের শ্রীরামপুর উপজেলার আব্দুল হক পাটোয়ারীর পুত্র রেজাউল ইসলাম (২৪) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আজাদ (২৩) নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামালের কাছে এক লাখ টাকা চাঁদা নিতে এলে পুলিশ ধরে ফেলে। গ্রেফতারের ছয় দিনের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সদর থানার ওসি সেহরাব আলী এ তিন জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন।
