২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বাল্যবিবাহের হার এখনও বিশ্বের শীর্ষে

মেয়েদের কম বয়সে বিয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও শীর্ষে রয়েছে। বিশ বছর বয়স হওয়ার আগেই বাংলাদেশের অর্ধেক মেয়ের বিবাহ হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 01:34 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বাংলাদেশ ড্যামোগ্রাফিক অ্যান্ড হেল্থ সার্ভের (বিডিএইচএস) একটি জরিপ থেকে এ তথ্য জানা যায়। জরিপে বলা হয়, বাংলাদেশী মেয়েদের পরবর্তীতে সন্তান জন্মদান ক্ষমতা হ্রাসের পথে কম বয়সে বিবাহ ও সন্তানধারণ বাধা হয়ে দাঁড়ায়।

অবশ্য দীর্ঘ দশ বছর স্থবির থাকার পর বাংলাদেশের মেয়েদের সন্তান উৎপাদন হার আবার কমতে শুরু করেছে। জরিপ অনুযায়ী ১৯৭৫ সালের ৬.৩ ও ১৯৯৯-২০০০ সময়ের ৩.৩ থেকে কমে গিয়ে মেয়েদের সন্তান উৎপাদন হার বর্তমানে ৩.০ তে গিয়ে দাঁড়িয়েছে।

বিডিএইচএস’র প্রতিবেদনে বলা হয়, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ মেয়েদের বিলম্বে বিয়ে ও বিলম্বে সন্তানধারণে উৎসাহিত করা খুব জরুরি। তা না হলে ২০১০ সালের মধ্যে মেয়েদের সন্তান উৎপাদনের হার কমিয়ে আনার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার বাংলাদেশে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশের ৫৮ শতাংশ দম্পতি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছে। ১৯৯৯-২০০০ সময়ে এ হার ছিল ৫৪ শতাংশ।

বিডিএইচএস জানায়, বাংলাদেশী মেয়েদের নিরাপদ গর্ভধারণ ও শিশু জন্মদান বাড়াতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে। অবশ্য ২০০৪ সালে গর্ভবতী মায়েদের অর্ধেক অন্তত একবার প্রশিক্ষিত চিকিৎসক, সেবিকা অথবা দাইয়ের কাছে গিয়েছেন। ১৯৯৯-২০০০ সময়ে এক-তৃতীয়াংশ গর্ভবতী মহিলা অন্তত একবার স্বাস্থ্যসেবা নিতে চিকিৎসকের কাছে গিয়েছেন। কমপক্ষে তিনবার স্বাস্থ্যসেবা নিয়েছেন এমন মহিলার সংখ্যা খুবই কম।

জরিপ মতে, গত পাঁচ বছরে একবার সন্তান জন্ম দিয়েছেন এমন প্রতি সাত জনে একজন মহিলা (শতকরা ১৩ ভাগ) প্রশিক্ষিত চিকিৎসক অথবা সেবিকার শরণাপন্ন হয়েছেন। সন্তান জন্মলাভ করার পর অবশ্য মায়েরা খুব কমই চিকিৎসকের শরণাপন্ন হন। সন্তান জন্মলাভ করার পর ছয় সপ্তাহের মধ্যে মাত্র ১৮ শতাংশ মায়েরা চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।

অপর এক সার্ভেতে দেখা যায়, বাংলাদেশে শিশু স্বাস্থ্যসেবার মান বাড়ছে। শিশুদের টিকা গ্রহণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১২ থেকে ২৩ মাস বয়সী শিশুদের তিন-চতুর্থাংশ এখন অনুমোদিত টিকা গ্রহণ করছে। ১৯৯৯-২০০০ সময়ে ৬০ শতাংশ শিশু বিভিন্ন ধরনের টিকা নেয়।

প্রথম ও পঞ্চম জন্মদিনের মধ্যে শিশু মৃত্যুহার গত চার বছরে ২০ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি এক হাজারে সংখ্যাটা ৩০ থেকে ২৪-এ নেমে এসেছে। এত উৎসাহব্যঞ্জক প্রবণতা সত্ত্বেও পাঁচ বছরের নিচের শিশুদের মৃত্যুহার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনতে যে লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে তা থেকে বাংলাদেশ অনেক দূরে অবস্থান করছে।

জরিপ অনুযায়ী, ১৯৯৫-’৯৯ থেকে শিশু মৃত্যু হার অপরিবর্তিত রয়েছে। প্রতি এক হাজার জনে ৬৫ শিশু মৃত্যুবরণ করে। আর তাদের দুই-তৃতীয়াংশ মারা যায় জন্ম নেয়ার প্রথম মাসেই।