২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ৮,৭০০ কমিউনিটি ক্লিনিক পুরোপুরি কার্যকর নয়

দেশে তৃণমূল পর্যায়ের আট হাজার সাতশ’রও বেশি কমিউনিটি ক্লিনিক পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বুধবার ডেইলি স্টার ও নেটওয়ার্ক ফর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর যৌথ গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। গোলটেবিল বৈঠকে বক্তারা ক্লিনিকগুলোকে যে উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে, সে অনুযায়ী কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

‘কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করে তোলার উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ক্লিনিকগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের বিষয়টি বিবেচনার ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ক্লিনিকগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় সরকারের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারেও বক্তারা সুপারিশ করেন।

ডেইলি স্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম। আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী, বাংলাদেশ জনস্বাস্থ্য এসোসিয়েশনের খায়রুল ইসলাম, এনআইসিএআরই’র মো. আজম আলী, ড. সেলিনা আহমেদ, সিডা’র স্বাস্থ্য উপদেষ্টা ড. মোমেনা খাতুন, ঢাকা কমিউনিটি হসপিটাল ট্রাস্টের সমন্বয়কারী অধ্যাপক মাহমুদুর রহমান এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম।

আলোচকরা ক্লিনিকগুলো ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক মতপার্থক্য দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা কমিউনিটি ভিত্তিক সংগঠন ও এনজিও’র মাধ্যমে পরিচালিত ৪৩ টি কমিউনিটি ক্লিনিক পুরোমাত্রায় ব্যবহারের অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারেও পরামর্শ প্রদান করেন।

তারা বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো ঠিকমতো পরিচালিত হবে, মন্ত্রণালয়ে বসে তা কেউ আশা করতে পারে না কিংবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মাধ্যমে ক্লিনিকগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। প্রকৃতপক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় এক্ষেত্রে অনুঘটক হিসেবে সর্বদা ভূমিকা রাখতে পারে এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে সহযোগিতা করতে পারে বলে তারা মত প্রকাশ করেন।

আলোচকরা সেবার বিশেষায়ন, গুণগত মান নিশ্চিতকরণ, পর্যবেক্ষণ, মূল্যায়ন, অংশীদারিত্বের উন্নয়ন এবং ক্লিনিকগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এনজিও’র ভূমিকা তুলে ধরেন।

গোলটেবিল আলোচনায় উপস্থিত শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি ও উন্নয়ন অংশীদাররা দরিদ্রদের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে ভর্তুকি ও ক্লিনিকগুলো পরিচালনা কার্যক্রম শুরু করতে যে অর্থ প্রয়োজন, তা সরবরাহের ব্যাপারেও বিভিন্ন সুপারিশ রেখেছেন।