১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে সারাদেশে আরো ১৪ জঙ্গি আটক
সারাদেশে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ও গোয়েন্দা সংস্থা বুধবার আরও ১৪ জঙ্গিকে আটক করেছে।
ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ বুধবার সকালে সন্দেহভাজন চার ইসলামী জঙ্গিকে আটক করে। আটককৃতরা সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জামা’আতুল মুজাহিদীনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একাধিক কর্মকর্তা বিডিনিউজকে জানান, আটককৃত চারজনের মধ্যে তিনজনের সকাল ১১টার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে (ইকে-৩৩৮) দুবাই যাওয়ার কথা ছিল। তারা হচ্ছে, বরিশালের কবির হোসেন ও আব্দুর রাজ্জাক এবং মাদারীপুরের শফিকুর রহমান।
এছাড়া ওই দলের আরেকজন সাভারের মোহাম্মদ আলম বেলা ১২টায় সৌদি এয়ারলাইনসযোগে (এসভি-৮০১) সৌদি আরব যাওয়ার কথা ছিল।
ইমিগ্রেশন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ সকাল ১১টার দিকে ট্যুরিস্ট ভিসাধারী ওই যাত্রীদের বিমান থেকে নামায়। পরে তাদের তুলে দেওয়া হয় পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে।
বিমানবন্দর সূত্র জানায়, একাধিক সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা দিনভর আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে।
গোয়েন্দা বিভাগগুলো এরই মধ্যে শতাধিক ব্যক্তির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞার একটি তালিকা বিমানবন্দরের একাধিক সংস্থার কাছে হস্তান্তর করেছে।
সোমবারই বিদেশ যাওয়ার আগে জিয়া বিমানবন্দর থেকে প্রথমে ইমিগ্রেশন পুলিশ ও পরে র্যাব জামা’আতুল মুজাহিদীনের শীর্ষস্থানীয় নেতা মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে গ্রেফতার করে।
মাওলানা মাসউদকে সারা দেশে ১৭ আগস্ট একযোগে সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। তবে মঙ্গলবার আদালতে তিনি ওই বোমা হামলার জন্যে সরাসরি জামায়াতে ইসলামীকে দায়ী করেন।
১৭ আগস্ট দেশজুড়ে যে ৫০০ বোমা বিস্ফোরণ হয়, জামা’আতুল মুজাহিদীন আরবি ও বাংলা ভাষায় লিফলেট বিলি করে এর দায়দায়িত্ব স্বীকার করে।
বিডিনিউজের রাজশাহী প্রতিনিধি জানান, ভারতীয় হাইকমিশনের রাজশাহী কার্যালয়ে ভিসার জন্য আবেদন করতে গেলে চার ব্যক্তিকে ইসলামী জঙ্গি সন্দেহে পুলিশ বুধবার আটক করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোস্তফা কামাল, নুরুল ইসলাম, আসাদুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন। এদের সকলের বাড়ি গাইবান্ধা জেলায়।
তবে গ্রেফতারকৃতরা তাদের তাবলীগ জামাতের সদস্য বলে দাবি করেছেন। তারা জানান, মঙ্গলবার তারা রাজশাহী আসেন এবং বুধবার ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে যান।
গ্রেফতারকৃতদের মুক্ত করার জন্য তেরোখাদিয়া জামে মসজিদের খাদেম আবুল কাশেম আলী ও তাবলীগ জমাতের আমীর আব্দুল বাকী বোয়ালিয়া থানায় গিয়ে বলেন, আটককৃত ওই মসজিদেই অবস্থান করছিলেন।
অপর চার সৈৗদি নাগরিকের সঙ্গে ৪০ দিনের সফরে ভারত যেতে চেয়েছিলেন বলে জানান তারা ।
বাগেরহাট প্রতিনিধি জানান, ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাগেরহাট পুলিশের একটি বিশেষ দল বুধবার মো. বরকতুল্লাহ আল মোরশেদ (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে।
সদর উপজেলার কালদিয়া গ্রামের আল্ মারকাজুল ইসলামী আস্ সালাফী মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়। কুয়েতের অর্থায়নে পরিচালিত তৌহিদী কল্যাণ ট্রাস্ট’র (ঢাকা) এই মাদ্রাসাটি আহলে হাদিস আন্দোলনের বাগেরহাট জেলার সাংগঠনিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়।
সূত্র জানায়, ধৃত আল মোর্শেদ ঐ মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি বাগেরহাট সরকারি পি.সি. কলেজে ইংরেজী বিভাগের ছাত্র। সে ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার ধুনিয়া গ্রামের ওয়াছের আলীর পুত্র।
এ ব্যাপারে সরাসরি কিছু না বললেও বাগেরহাটের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই আটক করা হচ্ছে।’
সূত্র জানায়, বাগেরহাট পুলিশ ঐ বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ১০ জনের একটি তালিকা করেছে। তালিকা অনুযায়ী সন্দেহভাজনদের ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে ধৃত আল মোর্শেদ ঐ তালিকাভুক্ত কি না তা পুলিশ জানাতে অস্বীকার করেছে।
বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, গত ১৭ আগস্ট বরিশালে বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে কোতোয়ালি থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।
বুধবার দুপুরে কোতোয়ালি পুলিশ নগরীর জানকি সিংহ রোড়ের আল ইকরাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক মোরশেদ আহমদ চৌধুরী, হিসাব রক্ষক জালাল আরেফিন (২৫) এবং সংস্থার কর্মচারী সাইফুদ্দিনকে (২২) গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তাদের সংস্থাটি গত সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। তাই তারা সমাজকল্যাণ কিংবা সিটি করপোরেশনের কোনও অনুপতিপত্র এখনও পায় নি।
সূত্র জানায়, সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নে সংস্থাটি একটি মসজিদ, একটি মাদ্রাসা এবং একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করে। মালয়েশিয়ার একটি ইসলামী সংগঠন তাদের মোটা অংঙ্কের সাহায্য দেয়ার আশ্বাস দিয়েছে। তবে এ ব্যাপারে কোতোয়ালি পুলিশ কিছু জানায়নি।
বিডিনিউজের জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট পুলিশ ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত ও জামা’আতুল মুজাহিদিনের সদস্য সন্দেহে বুধবার জেলার কালাই উপজেলার নানাহার গ্রাম থেকে একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাসুদুল ইসলাম ওরফে মাসুদ (৩০) নানাহার গ্রামের জসিম উদ্দীনের পুত্র।
পুলিশ ধারণা করছে ১৭ আগস্টের বোমা হামলা ও জামা’আতুল মুজাহিদিনের সাথে মাসুদের সম্পৃক্ততা রয়েছে। গ্রেফতারের পর থেকে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
পাবনা প্রতিনিধি জানান, ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) ক্যাডার সন্দেহে পুলিশ পাবনার শান্তিনগর মহল্লা থেকে বুধবার এক যুবককে আটক করেছে।
আটক যুবকের নাম রাশেদুল ইসলাম। বিকেলে কঠোর গোপনীয়তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, গাইবান্ধা জেলার জেএমবি নেতা মতিন মেহেদীর বাড়ি তল্লাশি করে পুলিশ মেহেদীকে লেখা রাশেদুল ইসলামের একটি চিঠি উদ্ধার করে। এ চিঠির সূত্র ধরে পাবনা সদর থানা পুলিশ বুধবার দুপুরে শহরের শান্তিনগর মহল্লা থেকে রাশেদুলকে গ্রেফতার করে।
রাশেদুলকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
রাশেদুল ইসলাম পাবনা শহরের শান্তিনগর মহল্লার সিরাজুল ইসলামের ছেলে। রাশেদুল ভোকেশনাল ইন্সটিটিউট থেকে এসএসসি সমমানের পরীক্ষা পাশ করে তার ভাইয়ের কম্পিউটারের দোকানে কাজ করত।
