২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সচেতনতা সৃষ্টি কর্মসূচিতে ইউরোপীয় কমিশনের ২২ কোটি টাকা বরাদ্দ

বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে নির্বাচন বিষয়ে ব্যাপক গণ সচেতনতা সৃষ্টি করতে ইউরোপীয় কমিশন এনজিও এবং বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রকল্প প্রস্তাবনা আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এ কাজে ইউরোপীয় কমিশন ২৭ লাখ ইউরো বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ করেছে বলে বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের এনজিও বা সুশীল সমাজের অরাজনৈতিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রভাবমুক্ত ও ভোটারদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সহায়ক প্রকল্প প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।

ভোটারদের প্রশিক্ষণ, সংসদ সদস্যসহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, সাংবাদিক, নির্বাচনে দায়িত্ব পালনকারী দলীয় এজেন্ট এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বিশেষ করে মহিলাদের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচি এ ধরণের প্রকল্পের অন্তর্ভুক্ত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে www.eudelbangladesh.org বা বাংলাদেশস্থ ইউরোপীয় কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।