বেনাপোল দিয়ে সন্দেহভাজনরা পালাতে পারে
সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহভাজনদের নামের তালিকা এখনও পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের কর্মীদের কাছে সরবরাহ করা করা হয় নি।
যশোরে কর্মরত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বিডিনিউজকে একথা জানান।
এ অবস্থায় সন্দেহভাজনরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশত্যাগ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতোপূর্বে সরকারের পুরস্কার ঘোষিত দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা বৈধ-অবৈধ দু’ভাবেই বেনাপোল সীমান্ত দিয়ে দেশত্যাগ করায় এই আশঙ্কা আরও বদ্ধমূল হয়েছে।
দেশব্যাপী বোমা হামলার পরিকল্পনা ও ষড়যন্ত্রকারীদের মধ্যে গোয়েন্দা সংস্থা থেকে ১১৭ জনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে কর্মরত গোয়েন্দারা তাদের ব্যাপারে কিছুই জানে না।
বেনাপোল বন্দর ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত ওসি শাহীন জানান, ওপর মহলের নির্দেশে যাত্রীদের পাসপোর্ট বিশেষভাবে পরীক্ষা করছি। তবে প্রয়োজনীয় তথ্য না থাকায় অনেকে চেকপোস্ট বা অন্য পথে সীমান্ত পার হতে পারে।
