বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বুধবার স্ত্রী হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন।
বিচারক এস এম কুদ্দুস জামান বেলা সাড়ে ১১টায় জনাকীর্ণ আদালতে আসামী ইকবাল হোসেনের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন।
একই রায়ে দণ্ডপ্রাপ্ত আসামীর বাবা, মা এবং বোনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাশ দেয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, বরিশালের গৌরনদী উপজেলার লক্ষনকাঠি গ্রামে ২০০২ সালের ১৭ মে রাত আনুমানিক ১১ টার দিকে সালমা বেগমকে (২৫) শারীরিক নির্যাতন চালিয়ে স্বামী ইকবালের বাড়ির লোকজন হত্যা করে। এ ব্যপারে নিহতের বাবা বাদি হয়ে চারজনকে আসামী করে গৌরনদী থানায় মামলা করেন। ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।
