কুষ্টিয়ায় ক্রসফায়ারে চরমপন্থী সন্ত্রাসী নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কুষ্টিয়া-মেহেরপুর প্রধান সড়কে বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী সন্ত্রাসী আব্দুর রশিদ ওরফে সাগর (৪২) নিহত হয়েছে।
মিরপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল জনযুদ্ধের আঞ্চলিক নেতা লাল্টুর সেকেন্ড-ইন-কমান্ড সাগরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে দলের অস্ত্র ভাণ্ডার ও সহযোগী ক্যাডারদের সম্পর্কে ব্যাপক তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ভোর ৩টার দিকে পুলিশ সাগরকে নিয়ে সদরপুর ইউনিয়নের কুষ্টিয়া-মেহেরপুর প্রধান সড়কে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেয়া একদল সশস্ত্র সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় দু’ পক্ষের মধ্যে ৫৫ রাউন্ড গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ক্রসফায়ারে সাগর গুলিবিদ্ধ হয়। পরে আহত সাগরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে মিরপুর থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, কয়েক রাউন্ড বন্দুকের গুলি ও আটটি তাজা বোমা উদ্ধার করেছে।
