উটের জকি হিসেবে ব্যবহৃত আরো ২২ শিশু ঢাকায় ফিরেছে
উটের জকি হিসেবে ব্যবহৃত আরো ২২ শিশু মঙ্গলবার আরব আমিরাত থেকে ঢাকায় ফিরেছে।
আবুধাবি থেকে পৃথক দু’টি বিমানে আসা ১০ থেকে ১৫ বছরের এই শিশুদের জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রহণ করেন ইউনিসেফের কর্মকর্তারা।
উটের জকি হিসেবে ব্যবহৃত বাংলাদেশী শিশুরা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছে ইউনিসেফ। বাংলাদেশ নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি মর্টেন জিসবার্গ বলেছেন, এ শিশুরা নিরাপদে ফিরে আসায় আমরা খুশি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এ শিশুদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং পুনর্বাসন করা।
এর আগে প্রথম দফায় ৩৯ জন উটের জকি দেশে ফিরে আসে যাদের সবাই বর্তমানে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
এ শিশুদের অধিকাংশকেই আরব আমিরাতে পাচার করা হয়েছিল এবং বাকিদের অর্থ আয়ের জন্য বিদেশে পাঠানো হয়েছিলো।
গত মে মাসে আরব আমিরাত সরকার উটের জকি হিসেবে ১৬ বছরের নিচের শিশুদের ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করে। আরব আমিরাতে থাকা এসব শিশুরা বেশিরভাগই শিক্ষা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। জকি হিসেবে ব্যবহার করার জন্য এদের না খাইয়ে ওজন কমিয়ে রাখা হতো
এরপর বাংলাদেশ সরকার সেখানে থাকা শিশুদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। ইউনিসেফ এবং আমিরাত সরকারের সহায়তায় এ শিশুদের দেশে ফিরিয়ে আনা হয়।
ইউনিসেফ জানিয়েছে, আরব আমিরাতে আরো প্রায় ১০০ শিশু রয়েছে এবং তাদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে।
