আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১ম মৃত্যুবাষিকী বুধবার
আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১ম মৃত্যুবাষির্কী বুধবার। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে তার নিজের এলাকা কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
আজীবন সংগ্রামী মহীয়সী নারী বেগম আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার পল্টনে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার তিনদিন পর ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।
দিনটি পালন উপলক্ষ্যে নেওয়া বিভন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিল এবং ২৬ আগস্ট বিকেল ৪টায় স্থানীয় টিন বাজারে স্মরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ, বিশেষ অতিথি থাকবেন বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ, জিল্লুর রহমান এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি এবং সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু।
আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে জিল্লুর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ছাত্রজীবনে বঙ্গবন্ধুর নেতৃত্বে শোষিত বাংলা ও বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন আইভি রহমান। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। আইভি রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালে মহিলা আওয়ামী লীগের সদস্য হন তিনি। ১৯৭৮ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হন। ১৯৮০ সালে তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আইভি রহমানের মৃত্যুদিবসকে সামনে রেখে তার স্বামী, বর্ষীয়ান নেতা জিল্লুর রহমান বিডিনিউজকে বলেন, এ মাসের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হয়েছিলেন। আবার একই মাসে আমার সহধর্মিনী আইভি রহমান মারা গেছেন। দুটো বিয়োগান্তক ঘটনার সাথেই জড়িয়ে আছি আমি। শারীরিকভাবে আইভির অস্তিত্ব নেই, কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ সে আমার হৃদয় জড়িয়ে আছে।
