২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা

উত্তরার উত্তরখান এলাকার ময়নারটেক এলাকায় সোমবার রাতে সন্ত্রাসী ধরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়ে অস্ত্র হারিয়েছেন র‌্যাবের এক সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

র‌্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার বিডিনিউজ-এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

র‌্যাবের ডিজি জানান, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের তৎপরতা চলছে। কিন্তু র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার মনিরুজ্জামান বিডিনিউজকে বলেন, তারা ইতোমধ্যেই অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

গোয়েন্দা সূত্র জানায়, ছিনতাইকারীরা ল্যান্স করপোরাল নিরুদ্ধ রহমানের এসএমজি ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার জানান, এটা ছিল পিস্তল।

র‌্যাব সূত্র জানায়, এ ঘটনায় র‌্যাব সদস্যরা রাশেদুল হক রানা (১৮) নামের একজনকে আটক করেছে। রানা ঘটনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করেছে।

র‌্যাব-১ এর অধিনায়ক মনিরুজ্জামান বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর আট/নয় জন সদস্য কয়েকটি দলে বিভক্ত হয়ে ময়নারটেক এলাকায় সন্ত্রাসী ধরতে যায়।

অথচ গোয়েন্দা সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টায় পথচারী সেজে ছিনতাইকারী ধরতে গেলে র‌্যাব-১ এর দুই ল্যান্স করপোরাল ছিনতাইকারীর কবলে পড়েন।

মনিরুজ্জামান বলেন, অন্ধকারে পাঁচ/ছয় জন ছিনতাইকারী ল্যান্স কর্পোরাল নিরুদ্ধ রহমানকে একা পেয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার পিস্তল কাদায় পড়ে যায়।

র‌্যাব-১ অধিনায়ক আরও বলেন, মূলত সোর্স এর ভুল তথ্যের কারণেই এমন দুর্ঘটনা সংঘটিত হয়েছে।