মৌলভীবাজার গ্যাস ফিল্ডের কনডেনসেট ক্রয়-বিক্রয়ে পেট্রোবাংলা ও ইউনোকলের চুক্তি স্বাক্ষরিত
মৌলভীবাজার গ্যাস ফিল্ডের কনডেনসেট ক্রয়-বিক্রয়ে মঙ্গলবার পেট্রোবাংলা ও মার্কিন কোম্পানি ইউনোকলের মধ্যে চুক্তি (সিপিএসএ) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন পেট্রোবাংলার সচিব আবুল মুনসুর মো. আজাদ এবং ইউনোকল বাংলাদেশ লি. এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এন্ড্রুু এল ফয়থ্রপ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান এস আর ওসমানী, পরিচালক (পিএসসি) রায়হানুল আবেদীন, পরিচালক (অর্থ) কে এম নুরুল হুদাসহ পেট্রোবাংলা এবং ইউনোকলের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৯৯৫ সালের ১১ জানুয়ারি বৃহত্তর সিলেট অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানে ১৩ ও ১৪ নং ব্লক নিয়ে মার্কিন তেল কোম্পানি অক্সিডেন্টাল লিমিটেড ও পেট্রোবাংলার মধ্যে উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) স্বাক্ষরিত হয়েছিল। ১৯৯৯ সালে ১৩ নং ব্লকে মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হয়। পরবর্তি পর্যায়ে অক্সিডেন্টাল লি. ব্লক দুটি ইউনোকলের কাছে হস্তান্তর করে।
মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের গ্যাস ক্রয়-বিক্রয়ে ২০০৩ সালের ২০ অক্টোবর পেট্রোবাংলা এবং ইউনোকলের মধ্যে চুক্তি (জিপিএসএ) স্বাক্ষরিত হয়। বর্তমানে এই গ্যাস থেকে দৈনিক ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৮৭ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হচ্ছে।
মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রে উত্তোলনযোগ্য মোট গ্যাস মজুদ রয়েছে ৩৫৯ দশমিক ৬ বিসিএফ এবং কনডেনসেট মজুদের পরিমাণ শূন্য দশমিক ৫৩৯ মিলিয়ন ব্যারেল।
