হরকাতুল জিহাদের মাওলানা শফিকুর যেভাবে জঙ্গি নেতা হলেন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামের একটি সাধারণ পরিবারের ছেলে মাওলানা শফিকুর রহমান এখন দেশের অন্যতম শীর্ষ জঙ্গি নেতায় পরিণত হয়েছেন।
১৯৯২ সালে হরকাতুল জিহাদ বাংলাদেশ নামে ইসলামপন্থি একটি মৌলবাদী সংগঠনের জন্ম দিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। বুধবার সারাদেশে বোমা হামলার ঘটনায় তিনিসহ তার মৌলবাদী জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতাদের নাম আবার দেশবাসীর আলোচনায় ফিরে এসেছে।
সরেজমিনে মাওলানা শফিকুর রহমানের গ্রামের বাড়ি ভৈরবের গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গিয়ে দেখা গেছে, বোমা হামলার পর থেকেই বাড়িতে তার মা ছাড়া আর কেউ নেই। পুরো গ্রাম জুড়ে এক ধরনের নিরবতা বিরাজ করছে। তার মা সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। অপরিচিত লোকজনের সাথে গ্রামের লোকজনও কথা বলছেন না।
বাঁশগাড়ি গ্রামের কয়েকজন জানান, মাওলানা শফিকুর রহমানের পিতার নাম শিশু মিয়া, এলাকায় শিশু আমিন নামেই তিনি বেশি পরিচিত। তার পাঁচ ছেলের মধ্যে তিন ছেলে বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত মাদ্রাসায় কর্মরত। শফিকুর রহমান ছোটবেলা থেকেই ধর্মভীরু। তিনি তার সহপাঠীদের সাথে সবসময় সারা বিশ্বে মুসলমান নির্যাতনের বিষয়ে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করতেন।
জানা গেছে, শফিকুর রহমান স্থানীয় একটি মাদ্রাসা থেকে শিক্ষা নেয়ার পর ভারত চলে যান। পরে পাকিস্তানের ইসলামাবাদ থেকে পড়ালেখা শেষ করে আফগানিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ নেন। ১৯৯২ সালে জামালপুরের চরশি গ্রামের শায়ক আব্দুর রহমান ও গোপালগঞ্জের মুফতি হান্নানকে নিয়ে হরকাতুল জিহাদ বাংলাদেশ প্রতিষ্ঠা করে সারাদেশে এর নেটওয়ার্ক বিস্তৃত করেন।
গ্রামবাসীরা আরো জানান, দু’সপ্তাহ আগেও শফিকুর রহমান এলাকায় এসেছিলেন। এসময় মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন অপরিচিত লোককে তার বাড়িতে দেখা যায়। এ ব্যাপারে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান নবী হোসেন সেন্টু বলেন, বিগত বন্যায় তিনি ত্রাণ নিয়ে এলাকায় হাজির হয়েছিলেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আলম জানান, পত্রপত্রিকায় তাকে জড়িয়ে খবর প্রকাশ হওয়ার পর তার গ্রামের বাড়িতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে।
