২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণিমার জোয়ারে পানি বৃদ্ধি, কুতুবদিয়া ও মহেশখালীর ৩০ কিলোমিটার বেড়িবাঁধে ফাটল

পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরে পানি বৃদ্ধি পেয়ে কুতুবদিয়া ও মহেশখালীর ৩০ কিলোমিটার বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এর ফলে দুই দ্বীপের অধিবাসীদের মধ্যে আতংক বিরাজ করছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

কুতুবদিয়া দ্বীপের উত্তর ধুরুং এলাকার পাঁচটি পয়েন্ট ও আলী আকবর ডেইল এলাকার বেড়িবাঁেধর একাধিক পয়েন্ট এবং মহেশখালীর ধলঘাট ও মাতারবাড়ি ইউনিয়নের ১০টি পয়েন্ট দিয়ে পুর্নিমার জোয়ারের পানি ঢুকে পড়ে শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধানি জমি তলিয়ে গেছে। কুতুবদিয়া দ্বীপের ১৮ কিলোমিটার ও মহেশখালী দ্বীপের ১২ কিলোমিটার বেড়িবাঁধের ১০/১৫টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের অবহেলা ও উদ্যোগহীনতায় দ্বীপবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

সূত্র জানায়, রোববার পূর্ণিমা তিথি থাকায় সাগর উত্তাল হয়ে উঠে এবং পূর্ণ জোয়ারের সময় একযোগে কুতুবদিয়ার উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং মহেশখালীর ধলঘাট ও মাতারবাড়ি দ্বীপের বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়ে।

কুতুবদিয়ার উত্তর ধুুরুং ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী বিডিনিউজকে জানান, এসময় বেড়িবাঁধের কায়সার পাড়া, চর ধুরুং, আকবর বলীর পাড়া, ফয়জানি পাড়া ও লেমশীখালীর পেয়ারা কাটা এবং আলী আকবর ডেইলের কয়েকটি এলাকায় বেড়িবাঁধ উপচে লবণাক্ত পানি ঢুকে পড়ায় বেড়িবাঁধে ফাটল দেখা দেয়।

এছাড়াও মহেশখালীর ধলঘাট এলাকার বিএনপি ঘোনা ও ভারত ঘোনা এলাকার বিভিন্ন অংশে বেড়িবাঁধে ভাঙ্গন সৃষ্টি হলে লবনাক্ত পানি ঢুকে পড়ে। এতে ওই এলাকার কয়েকশ’ ঘর বাড়ি ও শত শত একর ধানি জমি, গাছপালা ও শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারের পানিতে তলিয়ে যায়।

তিনি আরও জানান, কুতুবদিয়া দ্বীপের উত্তর-দক্ষিণে ১৮ কিলোমিটার বেড়িবাঁধের ৫০ ভাগ এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

একই ভাবে মহেশখালী উপজেলার ধলঘাট ও মাতারবাড়ীর পশ্চিম পাশে বঙ্গোপসাগর সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় এলাকার চিংড়ি ঘের ধানি জমি ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সাগর দ্বীপ মহেশখালী ও কুতুবদিয়াকে রক্ষা করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে জরুরি ভিত্তিতে আহবান জানিয়েছেন।