২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলা বিষয়ে সরকারের উদাসীনতার সমালোচনায় শীর্ষ আইনজীবিরা

২১ আগস্টের গ্রেনেড হামলা তদন্তে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন গঠিত তদন্ত কমিটির আইনজীবিরা শনিবার বোমা হামলা বিষয়ে সরকারের উদাসীনতার সমালোচনা করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

দেশের শীর্ষস্থানীয় আইনজীবিরা বলেন, তাদের রিপোর্টের ব্যাপারে সরকারের অবহেলার কারণেই দেশে একের পর এক বোমা ও গ্রেনেড হামলার ঘটনা ঘটছে।

বিডিনিউজর সাথে আলাপাচারিতায় আইজনজীবিরা বলেন, সরকার ইচ্ছা করেই তাদের তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক দোষীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা গ্রহণ করেনি।

সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন তদন্ত কমিটির প্রধান, বিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেন বলেন, সব বোমা ও গ্রেনেড হামলা এবং অবৈধ অস্ত্র উদ্ধার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু এখনও পর্যন্ত সরকার তা করেনি।

২১ আগস্টের গেনেড হামলার আলামত ধ্বংস করে ফেলায় সরকারের সমালোচনা করেন ড. কামাল। তিনি বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হলেও পরে ওই রাতেই আলামত হিসেবে সংরক্ষণ না করে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।

ড. কামাল আরও বলেন, সরকারের উচিত ছিল, তদন্ত কমিটির সুপারিশ এবং

প্রস্তাবগুলো গ্রহন করা এবং জনসাধারণ, বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ের মতামতের সাহায্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা।

সব ধরনের রাজনৈতিক মতপার্থক্য ভুলে হামলাকারী এবং তাদের গডফাদারদের বিরুদ্ধে সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মত প্রকাশ করেন ড. কামাল।

তদন্ত কমিটির আহ্বায়ক ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদ সরকারের সমালোচনা করে বলেন, দেশে সংঘটিত সব হত্যাকান্ড, বোমা ও গ্রেনেড হামলার সাথে জড়িত অপরাধীদের আটক এবং শাস্তি প্রদানে সরকার সম্পূর্নরূপে ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার পরও সারাদেশে বেশ কয়েকট বোমা হামলা, হত্যাকান্ড এবং সন্ত্রাসী ঘটনা ঘটেছে। কিন্তু সরকার এগুলো প্রতিরোধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করেনি।

এই সকল সন্ত্রাসী ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে ব্যারিষ্টার রোকনউদ্দিন বলেন, ২১ আগস্টের হামলার পর সংঘটিত অন্য হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ। একই সাথে তারা তাদের দায়িত্ব পালনেও ব্যর্থ।

সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়।

তদন্ত কমিটি তাদের সুপারিশমালায় ২১ আগস্টের হামলার তদন্ত প্রতিবেদন একমাসের মধ্যে প্রকাশ করাসহ পূর্বের সব ধরনের বোমা হামলা এবং অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানায়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং তিনশতাধিক লোক আহত হয়। এই ঘটনা তদন্তে একই বছর ২৬ আগস্ট সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও প্রেরণ করা হয়।

২০০৪ সালের ২ আক্টোবর বিচারপতি জয়নুল আবেদীনকে নিয়ে গঠিত এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি বিভিন্ন সুপারিশসহ তদন্ত প্রতিবেদন পেশ করে। কিন্তু সরকার দু’টি তদন্ত কমিটির কোন সুপারিশই বাস্তবায়ন করেনি।