২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে বাণিজ্যিক মোবাইল ফোন

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার বান্দবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি-এ তিন পার্বত্য জেলায় বিকল্পভাবে ব্যবহৃত মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পাহাড়ের একাধিক সূত্র জানায়, এ প্রক্রিয়ার আওতায় ১৭ আগস্ট রাঙ্গামাটির দুশতাধিক মোবাইল সেন্টারের মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, সারা দেশে একযোগে জামা’আতুল মুজাহিদীনের বোমা হামলার সঙ্গে এ পদক্ষেপের কোনো সম্পর্ক নেই। নিরাপত্তার স্বার্থে অনেক আগে থেকেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসব মোবাইল সেন্টারের তালিকা করা হয়েছে।

বান্দরবানের একজন মোবাইল সেন্টার ব্যবসায়ী জানান, নিরাপত্তা বাহিনীর নির্দেশে মোবাইল সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। বান্দরবান ও খাগড়াছড়িতেও শিগগিরই নেওয়া হচ্ছে একই পদক্ষেপ।

এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি দেশের ৬১টি জেলায় মোবাইল নেটওয়ার্ক চালু করে আসলেও নিরাপত্তা বাহিনীর বাধার মুখে এতদিনেও পাহাড়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল নেটওয়ার্ক দেওয়া হয়নি। পাহাড়ে একাধিক সশস্ত্র গ্রুপের অবস্থান থাকায় মোবাইল ফোনের কারণে সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে বলে নিরাপত্তা বাহিনীর ধারণা।

তবে পাহাড়ের কোথাও কোথাও চট্টগ্রাম জোনের মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। একে কেন্দ্র করে উঁচু পাহাড়ে এন্টেনা বসিয়ে জেলা সদর ও উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে চালু হয় চার শতাধিক মোবাইল ফোনের বাণিজ্যিক দোকান।

এখন দুর্গম পাহাড়ে এসব মোবাইল ফোনের দোকান বন্ধ হয়ে গেলে দেশ-বিদেশের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের শেষ সুযোগটিও বন্ধ হয়ে যাবে বলে নিয়মিত গ্রাহকরা বলছেন।