২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বি আর-১১ জাতের বিএডিসি-এর বীজ ক্রয় করে কৃষকরা ক্ষতিগ্রস্ত

চলতি আমন মৌসুমে বিএডিসি (সীড) মৌলভীবাজার বিক্রয় কেন্দ্র থেকে বি আর ১১ জাতের বীজ ক্রয় করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীবাজার সরকারি বীজ বিক্রয় কেন্দ্র থেকে কমলগঞ্জ, শমসেরনগর, মুন্সীবাজার, নওমৌজা, হাজীপুর পীরের বাজার এলাকার শত শত কৃষক বীজ ক্রয় করেন।

কৃষকদের অভিযোগ, বীজ তলায় বীজ ফেলার ১০/১৫ দিন পর যে চারা হয়, তা ৩০% রোপণের অযোগ্য।

তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় সহকারি কৃষি কর্মকর্তাদের ও কৃষি বিভাগকে অবহিত করেন।

আবার অনেক কৃষক মৌলভীবাজার বিক্রয়কেন্দ্রে এ ব্যাপারে অভিযোগ করেও কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর পাননি।

কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বর্তমানে কৃষকরা কোন উপায় না দেখে নিজেদের ঘরে রক্ষিত বীজ বীজতলায় ফেলছেন।

এ ব্যাপারে ডেপুটি ডাইরেক্টার (বীজ) লুৎফুল করিম বিডিনিউজকে জানান, তার কাছে কোনও অভিযোগ পৌঁছেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন।

এ ব্যাপারে কমলগঞ্জ বিআরডিবি‘র চেয়ারম্যান দুরুদ আলী বিডিনিউজকে বলেন, ২০০৩ সালে এ ধরনের সমস্যা নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন কিন্তু অদ্যাবধি এ বিষয়ে কোন তদন্ত হয়নি।