বোমা বিস্ফোরণের ঘটনায় আরও ২৬ জন গ্রেফতার
সারাদেশে বুধবারের ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ দেশের বিভিন্ন স্থানে আরও ২৬ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে গাইবান্ধায় সাতজন, চাঁপাইনবাবগঞ্জে সাত, জয়পুরহাটে তিনজন, বরিশালে চারজন, খাগড়াছড়িতে দুইজন এবং সাতক্ষীরায় দুইজনকে গ্রেফতার করা হয়। এছাড়া পঞ্চগড়ে ড. গালিবের অনুসারী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে বুধবারের বোমা বিস্ফোরণের পর বৃহস্পতিবার রাতে জঙ্গী সন্দেহে আরও সাতজনকে আটক করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) বৃহস্পতিবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে। আটককৃতরা হল-হাফিজুর রহমান (২৫), বাবর (৩৫), শরীফ (২৩), খায়রুল (২৬), নাদিম (২০), ময়েজ (৩৪) ও বজলুর রহমান (৩৫)। এদেরকে শহরের আঙ্গরিয়া ও আরামবাগ এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, বুধবারের ধারাবাহিক বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহেশপুর গ্রাম থেকে র্যাব শুক্রবার জামাআতুল মুজাহিদীনের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারবকৃতরা হচ্ছে ইছাহাক আলী (৩২), জিয়াউল হক (২৮) ও মাহবুব (২৭)। পুলিশ জানিয়েছে, রাজশাহী অঞ্চলের র্যাব – ৫ এর সদস্যরা শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ২০০৩ সালের ১৪ আগস্ট মহেশপুর গ্রামে জামআতুল মুজাহিদীনের বৈঠক চলাকালে পুলিশ উল্লেখিত তিনজনকে গ্রেফতার করেছিল। পরে তারা জামিনে মুক্ত হয়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, বুধবারের বোমা হামলায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ বৃস্পতিবার রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাইয়ের বিয়ের ঘটকসহ সাতজনকে গ্রেফতার করে। এ নিয়ে গাইবান্ধায় গ্রেফতারকৃতের সংখ্যা দাঁড়ালো ১১।
বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন জামাআতুল মুজাহিদীনের সদস্য। এরা হচ্ছে জাহিদ রায়হান শিমুল (২৭), সানোয়ারুল ইসলাম (২৬), খলিলউল্লাহ জুয়েল (৩০), আতিকুর রহমান বকুল (২৬), আজিজুল ইসলাম (৪৫) ও পিয়ারে আলম (৪০)। এছাড়া সাঘাটার আকন্দেরপাড়া থেকে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ও মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মওলানা আবদুল জলিলকে পুলিশ গ্রেফতার করে। জেএমবি ক্যাডার আবদুল জলিলের ঘটকালিতে আনন্দেরপাড়ার ইব্রাহিম খলিলের কলেজ পড়ুয়া মেয়ে ফাহিমা খাতুনের সঙ্গে বাংলা ভাই সিদ্দিকুল ইসলামের বিয়ে হয়।
বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল নগরীর বোমা বিস্ফোরনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার ভোরে মসজিদের ইমামসহ চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল-বরিশাল জেলা যুবলীগ সদস্য মোঃ কবির ওরফে বোমা কবির (৩০), জাপা (এরশাদ) সদস্য মোঃ আজম খান ওরফে বোমা আজম (৩০), নতুন বাজার জামে মসজিদের ইমাম ওমর ফারুক (৩২) এবং জাগুয়া ওয়ার্ডের মোগলা মসজিদের ইমাম মাহফিজুর রহমান (৩১)।
গ্রেফতারকৃতদের মধ্যে বোমা কবির এবং বোমা আজমকে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে। পুলিশ সুপার মাঈনুর রহমান চৌধুরী বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃত মাহফিজুর এবং ওমর ফারুককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকেও ওই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মিজানুর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কমকর্তা মিজানুর রহমান এবং ডিবি পুলিশ কর্মকর্তারা শুক্রবার ভোরে নগরীর উওর কাউনিয়া থেকে বোমা আজম, ঝাউতলা থেকে বোমা কবির এবং অপর দু’ইমামকে সংশ্লিষ্ঠ মসজিদ থেকে গ্রেফতার করেছে। বোমা আজম এবং কবিরের নামে কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে কোতয়ালী থানা সূত্র জানিয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে বোমা হামলার ঘটনায় পুলিশ জেলার মাটিরাঙ্গা উপজেলা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আবুল হাসেম ডাক্তার (৪০), পিতা-মৃত করিম উল্যাহ এবং মোহাম্মদ নোমান (৩০), পিতা-মাওলানা দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃত ডাক্তার আবুল হাসেম আহত আব্দুল মুনাফের বড় ভাই। সদর থানা ওসি জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে নতুন কোন তথ্য পাওয়া যায়নি। গ্রেফতারকৃতরা এখনও কোন তথ্য জানায়নি। পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বোমা হামলার ঘটনায় সদর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বোমা হামলায় আহত প্রধান আসামী আব্দুল মুনাফ একটি ডাকাতি মামলার আসামী বলে পুলিশ জানায়।
এদিকে খাগড়াছড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আটককৃতদের উচ্চ পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হবে বলে জানা গেছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে সাতক্ষীরায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর থানার কুশখালী গ্রামের এসারুল ইসলাম ও বাঘাডাঙ্গা গ্রামের আ: খালেক সরদার। বোমা হামলার ঘটনায় এর আগে সাতক্ষীরা থেকে গ্রেফতারকৃত নাসিরউদ্দিন দফাদার ও মনিরুজ্জামান মুন্নাকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, বোমা বিষ্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে পঞ্চগড় থানা পুলিশ শুক্রবার মোমিন (২৫) নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে। পঞ্চগড় শহরের পারভীন ষ্টোরের কর্মচারী মোমিনকে পুলিশ দোকান থেকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। শুক্রবার তাকে বুধবারের দায়েরকৃত বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত মোমিন জানায়, সে আহলে হাদিস আন্দোলনের নেতা ডঃ গালিবের অনুসারী এবং স্থানীয় আহলে হাদিস যুব সংগঠনের সাহিত্য সম্পাদক। তার বাড়ি সদর উপজেলার মীরগড় এলাকায়। সে ওই এলাকার ইসমাইলের পুত্র। মোমিন ৯৯ সাল থেকে এ সংগঠনের সাথে জড়িত এবং পঞ্চগড় জেলায় তাদের দুই সহস্রাধিক কর্মী-সমর্থক রয়েছে বলে পুলিশ ও সাংবাদিকদের জানায়। তবে, সে বা তার দল গত বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত নয় বলে দাবি করেছে। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আহলে হাদিসের স্থানীয় কয়েকজন নেতা ও সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। এসব সন্দেহভাজনদের যে কোন মূহুর্তে গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ জানায়।
এদিকে বৃহষ্পতিবার গ্রেফতারকৃত জেএমবি’র দুই ক্যাডার-আব্দুল নুর ও আব্দুস সাত্তার শুক্রবার পুলিশি রিমান্ডে বোমা হামলায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও জেলায় জঙ্গি সংগঠনের তৎপরতা সম্পর্কে চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়। তাদের দেয়া তথ্যগুলি পুলিশ খতিয়ে দেখছে। রিমান্ডে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
