২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সেনা অভিযান: বিপুল পরিমান অস্ত্র-শস্ত্র উদ্ধার

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দূর্গম সনটিলা এলাকায় শুক্রবার ভোর রাতে সেনাবাহিনী গোপন অভিযান পরিচালনা করে হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জামাদি উদ্ধার করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নিরপত্তা বাহিনী সূত্র জানায়, খাগড়াছড়ি সেনা রিজিয়নে ক্রমবর্ধমান সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর নাসিম হোসেনের নেতৃত্বে পানছড়ি জোনের সেনাবাহিনী ও লোগাং জোনের বিডিআর সদস্যর সমন্বয়ে গঠিত টহল দল ভোর রাত ৪ টায় সনটিলা এলাকার গভীর অরণ্যে সন্ত্রাসীদের আস্তানায় হানা দেয়।

জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে আস্তানা থেকে পালিয়ে যায়। পরে তারা ওই এলাকায় তল্লাশী চালিয়ে বিপুল পরিমান অস্ত্রশস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে দুটি হ্যান্ড গ্রেনেড, চারটি ডেটোনেটর, আটটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ওয়ারলেস সেট, একটি মাইক্রো ক্যাসেট, ১৫ জোড়া ইউনিফর্ম, গুরত্বপূর্ণ বেশকিছু ছবি এবং নথিপত্র উদ্ধার করে।

এখন ওই এলাকায় পলাতক সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান জোরদার করা হয়েছে।