২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফারণ ও মাদ্রাসা ছাত্রদের হয়রাণির প্রতিবাদে ইসলামী দলসমূহ মিছিল ও সমাবেশ করেছে

বুধবার সারাদেশে ধারাবাহিক বোমা হামলা এবং সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মাদ্রাসা ছাত্রদের হয়রাণির প্রতিবাদে শুক্রবার বিভিন্ন ইসলামী দল মিছিল ও সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশ, হিজবুত তাহরীরসহ বিভিন্ন ইসলামপন্থী দল শুক্রবার জুম্মার নামাজের পর পল্টন এলাকায় রাস্তায় মিছিল ও সমাবেশের আয়োজন করে। এসময় পল্টন, জিপিও, গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত ছিল।

সমাবেশে খেলাফত আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ইসলাম বিরোধী শক্তি য়ড়যন্ত্রমূলকভাবে সারাদেশে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ইসলাম ও জাতির শত্রুর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

খেলাফত আন্দোলনের প্রধান মওলানা শাহ আহমদউল্লাহ আশরাফ বলেন, ইসলাম এ ধরণের তৎপরতাকে সমর্থন করে না। কিন্তু কোন কারণ ছাড়া জিজ্ঞাসাবাদের নামে মাদ্রাসা ছাত্রদের ওপর হয়রাণি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

হিজবুত তাহরীর আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, প্রধান দুটি রাজনৈতিক দল ‘পরস্পরকে দায়ি করার খেলায়’ ব্যস্ত এবং সংকটময় সময়ে জাতিকে নেতৃত্ব দিতে ব্যর্থ। আতঙ্ক সৃষ্টির মাধ্যমে জনগণ ও ইসলামী দলের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।