প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় বাজপেয়ীর চে’ সোনিয়া এগিয়ে : জরিপ
কংগ্রেস সভাপতি ও ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালাইন্সের (ইউপিএ) চেয়ারম্যান সোনিয়া গান্ধী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জনগণের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।
আর প্রধানমন্ত্রীর দৌঁড়ে তিনি হারিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
দ্য ইন্ডিয়া টুডে-ওআরজি মার্গ জরিপের ফলাফলে দেখা যায়, প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় সোনিয়া গান্ধী ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা অটল বিহারী বাজপেয়ীর চেয়ে এগিয়ে রয়েছেন।
জরিপে অংশ নেয়া ৫৫ শতাংশ লোক বলেছেন, কংগ্রেস নেত্বত্বাধীন মনমোহন সিং সরকার তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে সক্ষম হবে। ১৫ শতাংশ বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার তিন বছর ক্ষমতায় থাকবে। অপরদিকে মাত্র আট শতাংশ বলেছেন, বর্তমান সরকার দুই বছর ক্ষমতায় থাকবে।
জরিপে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সেরা মুখ্য মন্ত্রী বিবেচিত হয়েছেন। মুখ্য মন্ত্রী হিসেবে দ্বিতীয় হয়েছেন তামিলনাডুর কুমারী জয়ললিতা। মহারাষ্ট্রের মুখ্য মন্ত্রী বিলাশ রাও দেশমুখ তৃতীয় স্থানে রয়েছেন।
