২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণ: দেশব্যাপী গ্রেফতার, মামলা

দেশের ৬৩টি জেলার প্রায় ৩০০টি স্পটে বুধবার একের পর এক পাঁচশ’টিরও বেশি বোমা বিস্ফোরণের পর সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একশ’রও বেশি সন্দেহভাজনকে আটক করেছে। এদের মধ্যে আহলে হাদিস আন্দোলনের খুলনা জেলা সেক্রেটারিও রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এছাড়া বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক মামলাও হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন জেলার আদালত, প্রেসক্লাব চত্বর, বিভিন্ন সরকারি ভবনের দিকে নিরাপত্তা বাহিনী তীক্ষè দৃষ্টি রাখে।

বুধবারের বিস্ফোরণের পর থেকে ঢাকায় এ পর্যন্ত ১০জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনকে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ সাতজনকে বুধবার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচ দিনের রিমান্ড চায়। কিন্তু আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে। এ সাতজন হল-হাফেজ মো.রবিউল ইসলাম, মো. শাহজাহান, হাফেজ মো. হামিদুর রহমান, হাফেজ মো. জাহিদুল ইসলাম, শাহ আলম ও আনোয়ার হোসেন। এছাড়া মিপুর থেকে আটক করা হয়েছে শুক্কুর আলী ও জসিমকে এবং ঘটনার পরপরই বুধবার বাংলামোটর থেকে আটক করা হয় আহত রুহুল আমিনকে।

বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানান, চট্টগ্রাম থেকে বিস্ফোরণের পর এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। কোতয়ালী থানা পুলিশ সালেক, তাপস, মামুন, হাবিবুর রহমান, বিপ্লব নামের পাঁচজনকে আটক করে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড দাবি করে। আদালত তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। খুলশী থানা পুলিশ আটক করেছে চারজনকে। এরা হল-সেলিম, সাইফুল, দেলোয়ার, ইউসুফ ও ফেরদৌস। ডবলমুরিং থানা পুলিশ বাবু নামের একজনকে ও পাহাড়তলী থানা পুলিশ জনি নামের একজনকে আটক করেছে। এছাড়া মহানগরীর ১২ টি থানায় পৃথক ১২টি জিডি হয়েছে।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনা থেকে এ পর্যন্ত আহলে হাদিস নেতাসহ সাতজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আহলে হাদিস খুলনা জেলা সেক্রেটারি গোলাম মুক্তাদির বাবু, হাফেজ মুজিবুর রহমান এবং জুট মিলের কর্মচারি আবুল কালাম আজাদকে বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড দাবি করে। আদালত তাদের বিরুদ্ধে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এছাড়া বিস্ফোরণ ঘটনায় সোনাডাঙ্গা, খুলনা সদর, বটিয়াঘাটা ও দৌলতপুর থানায় পুলিশ চারটি পৃথক মামলা দায়ের করেছে। মহানগরীর পরিস্থিতি এখনও থমথমে। বিভিন্ন সরকারি স্থাপনায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

বিডিনিউজ-এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বুধবারের ঘৃণ্য ঘটনার পর পুলিশ শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন নয়জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হল-ক্বারী নজরুল ইসলাম, মাওলানা জার্জিস, কায়েস, আজিজুল ওরফে আজিবুল (৩৭), রবু মুন্সী, শাহেনশা (২০), জলিল (২০), রাসেল ও আব্দুল কাদের।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, এদের জ্ঞিাসাবাদের জন্যে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা চলছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, বিস্ফোরণ ঘটনার পর পুলিশ বুধবার সন্ধ্যায় জামা’আতুল মাজাহিদীন-এর চার জঙ্গিকে আটক করেছে। আটককৃতরা হল-তৈয়বুর রহমান, রফিকুল ইসলাম, মঞ্জিল হোসেন, মোফাজ্জল হোসেন। এদের মধ্যে তৈয়বুর রহমান টাকিয়ার বাজারে যাত্রানুষ্ঠানে বোমা হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানা গেছে।

বিডিনিউজ-এর যশোর প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর যশোর থেকে বুধবার পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের ১২জন নেতাকর্মীকে আটক করে। বৃহস্পতিবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টারের সামনে থেকে আনিসুর রহমান ও রফিকুল ইসলাম নামের দু’যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ সার্জেন্ট মঈনুল তাদের আটক করে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, বুধবার গভীর রাতে থানা পুলিশ বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে সুজন (৩২) নামের এক যুবককে আটক করেছে। পুলিশ জানায়, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত সুজনের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার রায়পুরে।

বিডিনিউজ-এর লালমনিরহাট প্রতিনিধি জানান, বিস্ফোরণ ঘটনায় এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়। লালমনিরহাট সদর, আদিতমারী ও হাতিবান্ধা থেকে তাদের আটক করার পর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নয়জনকে ছেড়ে দিয়েছে।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা হল-জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সাংগঠনিক সম্পাদক মাদ্রাসা শিক্ষক মাওলানা রুহুল আমিন (৫০), হাতিবান্ধার ভবানীপুর শেফাতিয়া মাদ্রাসার শিক্ষক জামাত নেতা কোরবান আলী (৪০), একই উপজেলার শাহ আলী আলিম মাদ্রাসার প্রভাষক শাহের আলী (৫০), অদিতমারী উপজেলার জামাত নেতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (৫৫), মহিষখোচা মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন (৬০), একই মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান (৫০), কালীগঞ্জ উপজেলার মাদাতী জব্বারীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেন (৬০) ও শিক্ষক জমিরউদ্দিন (৬০) এবং ভোলার চওড়া মাদ্রাসার প্রভাষক আব্দুল হক (৪৫) এবং পান দোকানদার জমির আলী (৪০)। শেষের জনকে এখনও ৫৪ ধারায় আটক রাখা হয়েছে।

বিডিনিউজ-এর বরিশাল প্রতিনিধি জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় কোতয়ালী থানায় ১২টি মামলা দায়ের হয়েছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিডিনিউজকে জানান, নগরীর ১২টি স্পটে বোমা বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় থানার এসআই মোশাররফ হোসেন বাদি হয়ে বিস্ফোরক আইনের ৩/৬ ধারায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মামলাগুলো দায়ের করেন। এছাড়া পুলিশ বোমা হামলার সাথে জড়িত সন্দেহে মনির, ইউনুস ও আলাউদ্দিন নামের তিনজনকে আটক করে আদালতে হাজির করে।

বিডিনিউজ বরগুনা প্রতিনিধি জানান, বিস্ফোরণের ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে। বিস্ফোরণের পর আহত ছোট লবনগোলা গ্রামের বেল্লাল হোসেন (১৮), লেমুয়া কোটবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেন (১৬), কামারাবাদের বেলাল উদ্দিন (৩১) ও তালতলীর বেহালা গ্রামের ইদ্রিসকে (২৭) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার রাতে পুলিশ বরগুনা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোস্তফা হাসানকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ ঝালকাঠি প্রতিনিধি জানান, পুলিশ বোমা বিস্ফোরণে আহত রিকশা চালক মো. ফরিদকে (৩০) আটক করেছে। তাকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলাজুড়ে এখনও আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরণের পর থেকেই অফিস আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজর রাখা হয়েছে।

বিডিনিউজ কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের বিস্ফোরণ ঘটনায় পুলিশ ৫৪ ধারায় দুজনকে আটক করে বৃহস্পতিবার আদালতে হাজির করে। আটক দু’জনের নাম হল-সুলতান আহমেদ (৩২) ও বাদশাহ মিয়া। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে সন্দেহ হলেই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। এদিকে বিস্ফোরণের ঘটনায়, কক্সবাজার থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তবে এ মামলায় আটক দু’জনকে আসামি করা হয়নি।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর আটক সন্দেহভাজন আটজনকে পুলিশ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে। এছাড়া বিস্ফোরণের ঘটনায় পুলিশ স্বত:প্রণোদিত হয়ে একটি (সুয়োমোটো) মামলা করেছে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হল-কামারখন্দ উপজেলার কোরপ আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আলমগীর হোসেন এবং উল্লাপাড়ার পুকুর দাখিলী মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন। আলমগীর হোসেন উল্লাপাড়ায় গ্রামীণ ব্যাংকে বোমা হামলার প্রধান আসামি।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর শহর থেকে আটক তিনজনকে পুলিশ রাতে ছেড়ে দেয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত করে তাদের বিরুদ্ধে তিনটি জিডি করে ছেড়ে দেওয়া হয়েছে। শহরে এখনও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার স্কুল কলেজ ও সরকারি অফিস আদালতে উপস্থিতির হার ছিল অনেক কম।

বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর শহরের চৌড়হাস থেকে আটক মাদ্রাসা শিক্ষক ও জেএমবির আঞ্চলিক নেতা সামসুল র‌্যাবের কুষ্টিয়া ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে র‌্যাব এ ব্যাপারে কিছুই বলতে পারেনি। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। আদালত, হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ব্যাপক পুলিশি নজরদারি রাখা হয়েছে।

বিডিনিউজ জামালপুর প্রতিনিধি জানান, বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে পুলিশ মুহতাসিম নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। শহরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

বিডিনিউজ জাবি প্রতিনিধি জানান, বুধবারের বোমা হামলার সাথে জড়িত সন্দেহে বৃহস্পতিবার জাবি কর্তৃপক্ষ এক যুবককে ধরে সাভার থানায় সোপর্দ করেছে। আটক যুবকের নাম আক্কাস আলী চাকলাদার। তার বাড়ি সিরাজগঞ্জ। আটক যুবকের কাছে জামা’আতুল মাজাহিদীনের লিফলেটসহ লাদেন, সাদ্দাম ও বাংলা ভাইয়ের ছবি পাওয়া গেছে।

বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর এ পর্যন্ত জেলা থেকে কাউকে পুলিশ আটক করতে পারেনি। তবে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশ মুখে বসানো হয়েছে চেক পোস্ট। এখনও মানুষের মন থেকে বোমাতঙ্ক কাটেনি। বৃহস্পতিবার রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম ছিল।

বিডিনিউজ বান্দরবান প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর শহর থেকে ছয়জনকে আটক করার পর তাদেরতে বৃহস্পতিবার গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে বিস্ফোরণে আহত শিশু সামিয়াকে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা থেকে বুধবার রাতে আটক জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হল-নাসির উদ্দিন দফাদার (৫৫), মনিরুজ্জামান মুন্না (৩০) ও আনিসুর রহমান খোকন (৩৭)।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম মোহাম্মদ জানান, গ্রেফতারকৃত নাসিরউদ্দিন ও মনিরজ্জামান বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর এ পর্যন্ত পুলিশ পাঁচ জনকে আটক করেছে। আটককৃতরা হল-মসজিদের ইমাম মমিনুল হক (৪৫) ও তার ভাতিজা নুরুল আলম (২০) এবং ফুলগাজী উপজেলার হিজবুত তাহরীর তিন কর্মী টিপু সুলতান (৫০), মোশারফ হোসেন দুলাল (৪০) ও এরশাদুল কবির রতন (৩০)।

গাজীপুর প্রতিনিধি জানান, বিস্ফোরণের পর আটক সন্দেহভাজন দুজনকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাদের কাছ থেকে কোনও তথ্য না পাওয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয় বলে জয়দেবপুর থানা সূত্রে জানা গেছে।