মুন্সীগঞ্জে শতাধিক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১
মুন্সীগঞ্জ ছাড়া বুধবার সারাদেশে সিরিজ বোমা বিস্ফোরণের একদিন পর এবার মুন্সীগঞ্জ থেকেও উদ্ধার করা হয়েছে শতাধিক বোমা ও বিপুল পরিমানে বোমা তৈরির সরজ্ঞাম।
বৃহস্পতিবার জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁওয়ের একটি তালাবদ্ধ ঘর থেকে পুলিশ এগুলো উদ্ধার করে। এ ঘটনায় রাশিদা (৪০) নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, উদ্ধারকৃত বোমার মধ্যে ৫০টি বড় এবং ৭০টি ছোট আকারের। তবে বোমাগুলো বুধবার সারাদেশে বিস্ফোরিত বোমার মত টাইম বোমা নয়। বোমাগুলো তালাবদ্ধ ঘরে একটি কার্টনের মধ্যে সাজানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জনৈক আলিমউদ্দিনের স্ত্রী রাশিদাকে আটক করে তালাবদ্ধ ঘরে নিয়ে আসে। গ্রেপ্তারকৃত রাশিদাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
বুধবার মুন্সীগঞ্জ ছাড়া দেশের বাকি সব জেলায় এক যোগে সিরিজ বোমা বিস্ফোরণের পর থেকে এখানেও নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়। শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। মুন্সীগঞ্জেও বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানো হতে পারে এই ধারনায় পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের জামতলীতে বৃহস্পতিবার পুলিশ একটি তাজা বোমা নিষ্ক্রিয় করেছে।
