২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থী ও অভিভাবকদের বোমা ভীতি

দেশব্যাপী একযোগে বোমা হামলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও রেহাই পায়নি। বোমা হামলার পরদিন বৃহস্পতিবার স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কাজ করেছে বোমা ভীতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বুধবার দেশব্যাপী একযোগে বোমা হামলার সময় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজে আহত হয় কয়েকজন শিক্ষার্থী। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরদিন অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে আতঙ্কে ভোগেন।

ভিকারুননিসা নুন স্কুলের বেইলী রোড শাখার শিক্ষার্থী সৈয়দা জোবায়দা রাকা। ষষ্ঠ শ্রেণীর রাকার দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। বুধবার দেশব্যাপী বোমা হামলার পর বৃহস্পতিবার রাকার পরীক্ষা থাকলেও তাকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তার মা। রাকা বিডিনিউজকে জানায়, স্কুলে বোমা হামলার ভয়ে মা আজকে স্কুলে আসতে দিতে চাচ্ছিলেননা। কিন্তু আজ পরীক্ষা থাকায় স্কুলে আসতেই হবে। কারণ, পরীক্ষা পেছানো হয়নি। তাই মা নিজেই স্কুলে নিয়ে এসেছেন। সচরাচর গাড়িতেই অন্য সবার সাথে স্কুলে যেতে হয় বলে রাকা জানায়।

রাকার ছোট ভাই রিজওয়ানুল হক রবিন গভর্নমেন্ট হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। রবিনেরও পরীক্ষা চলছে। তাই তাকেও স্কুলে যেতে হবে। দুজনের স্কুল ভিন্ন হওয়ায় রবিনকে স্কুলে নিয়ে যাওয়া তার মার পক্ষে সম্ভব হয়নি। ফলে, চাকুরিজীবী বাবাকেই অফিসে না গিয়ে রবিনকে স্কুলে নিয়ে আসতে হয়েছে। তারপরও আশঙ্কায় ভুগছেন তার বাবা-মা।

মাস্টার মাইন্ড স্কুলের ছাত্র আদনান জামিকে স্কুলেই যেতে দেয়নি তার বাবা-মা। আদনানের চাকরিজীবী মা নিলান্তি জামান বিডিনিউজকে বলেন, স্কুলে ছেলেকে পাঠিয়ে বোমা হামলার ভয়ে নিশ্চিন্তে থাকতে পারবো না। কারণ, বোমা হামলার নৃশংসতা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও রেহাই পায়নি। বোমা হামলার দিন ছেলে স্কুলে থাকায় অফিস থেকে ছুটে গিয়েছি। গিয়ে দেখি, স্কুলের বাইরে অসংখ্য অভিভাবকের দুশ্চিন্তাগ্রস্ত মুখ। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার ঘটনা শুনতে পেয়েই ছুটে গিয়েছে স্কুলে।

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, মাস্টারমাইন্ড স্কুল, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে যারা স্কুলে এসেছে, সবাইকে তাদের অভিভাবকরা নিয়ে এসেছে।