সরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা, ক্যাম্পাসগুলোতে আতঙ্ক
দেশের প্রায় সবক’টি সরকারি বিশ্ববিদ্যালয়ে বুধবার বোমা হামলার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একই সময়ে বোমা হামলার ঘটনা ঘটে।
সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে।
বোমা হামলার পর পরই ক্যাম্পাসগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফাঁকা হয়ে যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনেকেই হল ছেড়ে চলে যায়।
সকাল সোয়া এগারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছে পলাশীতেও বোমা হামলার ঘটনা ঘটে।
এ ক্ষেত্রে ব্যতিক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহরে বোমা হামলার ঘটনা ঘটলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা হয়নি।
বোমা হামলার ঘটনার পরপরই ঢা.বি. তে ছাত্রলীগ ও ছাত্রদল ক্যাম্পাসে প্রতিবাদ সমাবশে করে। ছাত্রলীগ এ ঘটনার জন্য বিএনপিকে এবং ছাত্রদল আওয়ামী লীগকে দায়ী করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরে ডেইরি ফার্মগেট ওভারব্রিজের কাছে সকাল ১১ টার দিকে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। এছাড়া পরিত্যক্ত অবস্থায় আরেকটি বোমা ও জামায়েতুল মুজাহিদেনের ৩০/৩৫টি লিফলেট পাওয়া গেছে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সকাল ১১ টায় প্রচন্ড শব্দে একটি বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে।
ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে সকালে বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও সরকারী আনন্দমোহন কলেজে বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণস্থলে আরবী ও বাংলায় লেখা জামায়েতুল মুজাহিদিনের লিফলেট পাওয়া গেছে।
খুলনার বিভিন্ন স্থানের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও দৌলতপুর দিবা নৈশ কলেজের কাছে, মহসিন স্কুলের সামনে, রূপসা হাইস্কুলের সামনে, দৌলতপুর বিএল কলেজের সুবোধ চন্দ্র ছাত্রাবাসের সামনে বোমা হামলার ঘটনা ঘটে।
রাজশাহীর বিভিন্ন স্থানের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইনগেট, এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বোমা হামলার ঘটনা ঘটেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহপরান হলের পেছনের টিলায় একটি বোমা বিস্ফোরিত হয়েছে।
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছেও বোমা বিস্ফোরিত হয়।
বরিশালের বেলা ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে নগরীর বিভিন্ন স্থান ছাড়াও বরিশাল বিএম কলেজে বোমা হামলার ঘটনা ঘটে।
রাজবাড়ীর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি ওয়ালের পাশে সকালে বোমা বিস্ফোরণ ঘটে।
সিরাজগঞ্জের বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়মের সামনে বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণে ১ জন আহত হয়।
ফরিদপুরের সরকারি ইয়াসির কলেজে বোমা হামলার ঘটনা ঘটেছে বিকেলে।
