কিশোরগঞ্জের ‘জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল‘ চিকিৎসা ক্ষেত্রে একটি অনন্য নাম
কিশোরগঞ্জের ‘জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল‘ দেশের অন্যতম একটি বেসরকারি হাসপাতাল। দেশের ধনাঢ্য ব্যক্তি আলহাজ মরহুম জহিরুল ইসলামের নামেই এ হাসপাতালটির নামকরণ করা হয়।
জেলার বাজিতপুর উপজেলার ছায়াঘেরা সবুজ গ্রাম ভাগলপুরে ১৯৮৫ সালে এ হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়।
এ পর্যন্ত ছয়টি ব্যাচ এখান থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেছে।
প্রাথমিকভাবে জহিরুল ইসলামের বাড়িতেই হাসপাতালের বর্হিবিভাগ চালু করা হয়।
১৯৮৯ সালে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয় এবং ওই বছরই ‘জহিরুল ইসলাম মেডিকেল কমপ্লেক্স‘ নামক প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটিকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।
৩৬৫ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে চারটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার রয়েছে। এখানে ১১০ জন স্থায়ী ও ৬০ জন খণ্ডকালীন ডাক্তার বর্তমানে কর্মরত আছেন। চিকিৎসার পাশাপাশি ভর্তিকৃত রোগীদের প্রয়োজনীয় ঔষধ হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করে থাকে।
বর্হিবিভাগে ১০ টাকার বিনিময়ে ডাক্তার ও প্রফেসরদের দেখানোর সুব্যবস্থা রয়েছে।
রোগীদের দর্শণার্থীদের জন্য হাসপাতালের পাশেই রয়েছে পাঁচতলা বিশিষ্ট ডরমেটরি ভবন। এখানে সুলভ মূল্যে রোগীর স্বজনরা থাকতে পারেন।
মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই প্রতিষ্ঠিত হয়েছে জহিরুল ইসলাম নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট। মেধার ভিত্তিতে প্রতি বছর ২৫ জন নার্স প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। হাসপাতালের অধিকাংশ নার্স ও সিস্টার এ প্রতিষ্ঠান থেকে পাস করে এখানেই কর্মরত আছেন।
শুরুতে হাসপাতালের ব্যবস্থাপনা ও সুচিকিৎসার ওপর এলাকাবাসী সন্তুষ্ট ছিল। কিন্তু সম্প্রতি হাসপাতালটি জনগণের চাহিদা মেটাতে পারছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
গরীবরা আগের মত স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পান না বলে অনেকেই মন্তব্য করেছেন।
এ ব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার বিডিনিউজকে বলেন, কোন রোগী পয়সার অভাবে এখানে সুচিকিৎসা পাননি, এমন কোনো উদাহরণ কেউ দিতে পারবে না। প্রয়োজনে যাকাত ফাণ্ডের অর্থ দিয়ে দরিদ্রদের চিকিৎসার ব্যয় বহন করা হয়।
