২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও ৯৫০ ডলারেই হজ্বযাত্রী পরিবহন করবে বিমান

বিশ্বে কয়েক দফায় জেট ফুয়েলের দাম বাড়লেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবছর আগের মূল্যেই (জনপ্রতি ৯৫০ মার্কিন ডলার) ব্যালটি-নন ব্যালটি সবধরনের হজ্ব যাত্রীকে পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কারণে বিমান, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্স-এর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে। বাংলাদেশ থেকে চলাচলকারি সৌদিয়াসহ অন্যান্য এয়ারলাইন্স বিমানের নির্ধারিত হজ্ব ভাড়াই অনুসরণ করে।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বিডিনিউজকে জানান, মন্ত্রিসভার বৈঠকে হজ্বযাত্রীদের বিমান ভাড়া জনপ্রতি ৯৫০ মার্কিন ডলারই নির্ধারণ করা হয়ছে। জেট ফুয়েলের দাম বাড়লেও হজ্বযাত্রীদের টিকিটের দাম না বাড়ানোর কারণে বিমানকে আর্থিক ভর্তুকি দিতে হবে।

বিমান প্রতিমন্ত্রী মীর নাছির বলেন, সম্মানিত হজ্বযাত্রীদের সেবার কথা চিন্তা করেই মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক সূত্র জানায়, হজ্ব যাত্রীদের টিকিটের মূল্য বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব বৈঠকে নাকচ হয়ে যায়। ওই প্রস্তাবে বলা হয়, সবধরনের হজ্ব যাত্রীর জেদ্দা ফ্লাইটের জন্যে এবছর বিমান ভাড়া জনপ্রতি ৩৫০ ডলার বাড়িয়ে ১,৩০০ মার্কিন ডলার করা প্রয়োজন। অন্যথায় শুধু জ্বালানি তেলের খরচ বাবদই বিমানকে প্রচুর লোকসান গুনতে হবে।

গত বছর হজ্ব ফ্লাইটের ভাড়া ছিলো জনপ্রতি ৯৫০ মার্কিন ডলার।

জানা যায়, এবছর প্রায় ৬০ হাজার ব্যালটি ও নন ব্যালটি যাত্রী পবিত্র হজ্ব আদায় করবেন।এর মধ্যে ব্যালটি হাজ্বীর সংখ্যা হবে আট হাজার এবং নন ব্যালটি হাজ্বীর সংখ্যা হবে ৫২ হাজার।

গত বছর দেশের মোট হাজ্বীর সংখ্যা ছিলো প্রায় ৪৫ হাজার। এর মধ্যে ব্যালটি হাজ্বীর সংখ্যা ছিলো প্রায় পাঁচ হাজার। বাদবাকী সবাই নন ব্যালটি।

বিশ্বে জেট ফুয়েলের দাম বাড়ায় এরই মধ্যে সৌদিয়া, ইন্দোনেশিয়ার গারুদা ও মালয়েশিয়ান এয়ারলাইন্স স্ব স্ব দেশের হজ্বযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

বিমানের পাশাপাশি সৌদিয়াও গত বছর পরিবহন করে প্রায় সমান সংখ্যক হজ্ব যাত্রী।

ঢাকা থেকে অন্য যে এয়ারলাইন্সগুলো হাজ্বীদের জেদ্দা আনা-নেওয়া করে, এদের মধ্যে রয়েছে এমিরেটস, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং মালয়েশিয়া এয়ারলাইন্স।