ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ: শহীদ চেয়ারম্যান ১০ দিনের রিমান্ডে
ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতারকৃত শহীদ চেয়ারম্যানকে দুটি মামলায় সিআইডি ও র্যাব পৃথকভাবে ১০দিনের রিমান্ডে নিয়েছে।
সিআইডি জামালউদ্দিন অপহরণ মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটেন ম্যাজিস্ট্রেট মনোয়ারুল ইসলামের আদালতে শহীদ চেয়ারম্যানর দশদিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
অপরদিকে সোমবার অস্ত্র মামলায় জেলা প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট উম্মে রায়হানার আদালতে র্যাব শহীদ চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ মামলায় (২০০৩ সালের ২৪ জুলাই) শহীদ চেয়ারম্যানকে গত ১৩ আগস্ট রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ১৪ আগস্ট পটিয়া থানা এলাকায় শ্বশুরবাড়ি থেকে শহীদ চেয়ারম্যানের দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে।
শহীদ চেয়ারম্যানকে সোমবার দুপুর আড়াইটায় আদালত ভবনে নিয়ে আসা হয়। তাকে এক নজর দেখার জন্য আদালত ভবনে উৎসুক জনতার ভিড় জমে যায়।
