২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোস্ট গার্ড ১০২ টন ইউরিয়া আটক করেছে

ভূয়া কাগজপত্র দেখিয়ে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানা থেকে উত্তোলন করে পাচার কালে রোববার সকালে কোস্টগার্ড ১০২ টন ইউরিয়া সার আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বুলবুল ভট্টাচার্য,আশীষ নন্দী,আবদুল হামিদ ও মহিউদ্দীন।

গ্রেফতারকৃতরা সকলেই চট্টগ্রামের বাসিন্দা। আটককৃত কার্গোবোটের মালিক চট্টগ্রামের পটিয়া জেলার জনৈক মোহাম্মদ শামছুুদ্দীন।

কোস্টগার্ড পূর্ব জোনের কামান্ডার আশরাফ আহম্মদ বিডিনিউজকে বলেন, পাচারের উদ্দেশ্যে সার উত্তেলন করা হয়েছে, এটি নিশ্চিত হওয়ার পর রোববার সকাল সাড়ে ৭ টায় সার বোঝাই কার্গো বোটটি আটক করা হয়। একই সঙ্গে আটক করা হয় কোস্টগার্ড কর্তৃপক্ষর কাছ থেকে ছাড়পত্র নিতে আসা চার ব্যক্তিকে।

কোস্টগার্ড পূর্ব জোন সূত্র জানায়, যশোরের চৌধুরী ট্রেডার্স, সাতীরার মেসার্স সাহিদ এন্টারপ্রাইজ এবং কুষ্টিয়ার মেসার্স সুফলা ট্রেডার্স’র নামে এমভি ত্বীবাত নামের কার্গোতে করে ১০২ টন সার উত্তোলন করে শনিবার কোস্টগার্ড কর্তৃপক্ষের কাছে ছাড়পত্র চাওয়া হয়। কোস্টগার্ড পূর্বাঞ্চল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে।

জেলা প্রশাসকদের পক্ষ থেকে কোস্টগার্ডকে জানানো হয়, শুধুমাত্র যশোরের চৌধুরী টেডার্স ছাড়া অন্য প্রতিষ্ঠান দু’টির সার উত্তোলন, বিপনণ ও পরিবহনের যথাযথ অনুমতি নেই। তাছাড়া সিইউএফএল থেকে সার উত্তোলন ও পরিবহনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের যে ছাড়পত্র নেওয়া হয়েছে তাতে ম্যজিষ্ট্রেটের সাক্ষর জাল করা হয়েছে বলেও কোস্টগার্ড নিশ্চিত হয়েছে।

আটককৃত সার, বোট ও ব্যক্তিদের পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।