২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর থেকে অপহৃত স্কুল ছাত্র বাগেরহাটের কচুয়ায় উদ্ধার, অপহরণকারী ২ মহিলা আটক

বাগেরহাটের কচুয়ায় স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় গাজীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 09:36 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এ সময় তারা অপহরণকারী রেহানা বেগম (২১) ও লাইলী বেগম (৩০) নামে দু’জনকে আটক করে। শনিবার বিকেলে অপহৃত ওই স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়।

অপহৃত স্কুল ছাত্রের নাম সাগর (১১)।

উদ্ধারকৃত সাগর বিডিনিউজকে জানায়, সে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি শফিউল ইসলামের ছেলে এবং গাজীপুর উত্তরণ আদর্শ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পূর্ব অন্তর গ্রামে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে আটককৃত রেহানা গত ৯ আগস্ট প্রাইভেট পড়তে যাওয়ার সময় গাজীপুর চৌরাস্তা থেকে তাকে ফুঁসলিয়ে অপহরণ করে বাগেরহাটের কচুয়ায় নিয়ে আসে।

জানা গেছে, অপহরণকারী রেহানা ও তার বোন লাইলী কচুয়ার একটি ফোন ফ্যাক্সের দোকানে এসে মোবাইলে রেহানার স্বামী জনৈক তুহিনের সাথে কথা বলছিলো। তার কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিক আশেপাশের লোক ডেকে রেহানাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সে সাগরকে অপহরণের কথা স্বীকার করলে লোকজন পুলিশ নিয়ে গিমটাকাঠি গ্রামের তাদের অপর বোন শাহানার বাড়ি থেকে সাগরকে উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত সাগরের বাবাকে খবর দেয়া হয়েছে। তিনি আসার পর মামলা দায়েরের কাজ সম্পন্ন করা হবে।