ইষ্টার্ণ রিফাইনারির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সরকার চিন্তা করছে
দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইষ্টার্ণ রিফাইনারির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সরকার সক্রিয় ভাবে চিন্তা করছে।
জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এএম নাসির উদ্দীন শনিবার রিফাইনারি পরিদর্শন শেষে এ বিষয়ে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও ইষ্টার্ণ রিফাইনারির (ইআরএল) কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন।
ইআরএল সূত্র জানায়, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগারের ধারণ ক্ষমতা ৩ লাখ টন। আর এর বাৎসারিক উৎপাদন ক্ষমতা ১৫ লাখ টনের মত। বর্তমানে এখানে গড় বাৎসরিক উৎপাদন সাড়ে বারো লাখ টন ।
দেশে জ্বালানি তেলের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নিরাপদ মজুদ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ৪০ বৎসরের বেশি সময়ের পুরাণো রিফাইনারির ধারণ ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দেয়।
শনিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে রিফাইনারির সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বিপিসি সূত্র জানায়, বৈঠকে তেল পাচার রোধকল্পে গঠিত কমিটির পেশকৃত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিফাইনারির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজকে বলেছেন, সচিবকে জানানো হয়েছে ইআরএলে বর্তমানের ধারণ ক্ষমতার দ্বিগুন অবকাঠামো নির্মান সম্ভব।
বিপিসি ও ইআরএল সূত্র জানিয়েছে, চলতি মাসেই জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ইআরএল, বিপিসিসহ জ্বালানি বিপনণ প্রতিষ্ঠানগুলোর স্থাপনা পরিদর্শন করবেন। তখন এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।
এদিকে ইআরএল পরিদর্শন শেষে জ্বালানি মন্ত্রনালয়ের সচিব নাসির উদ্দীন বিপনণ প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার স্থাপনা পরিদর্শন করেন।
