২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবার চাষকে আরও লাভজনক করতে হবে: পরিবেশ ও বন মন্ত্রী

পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম রাবার চাষকে অধিকতর লাভজনক করার জন্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে (বিএফআইডিসি) আরও নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বন মন্ত্রণালয় সম্মেলন কক্ষে শনিবার রাবার চাষ উন্নয়ন ও আহরণ বৃদ্ধি সংক্রান্ত পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি বিএফআইডিসির কর্মকর্তাদের ওই নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, সরকারি উদ্যোগে চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইল ও শেরপুরে ৩২ হাজার ৬৩৫ একর জমিতে ১৫টি রাবার বাগান করা হয়েছে। এসকল বাগানে ৩০ লাখ ৭ হাজার গাছের মধ্যে ১৯ লাখ গাছ উৎপাদনক্ষম।

আরও জানানো হয়, বিগত সরকারের আমলে উৎপাদন ছিল তিন হাজার মে.টন, যা বর্তমানে পাঁচ হাজার মে.টনে উন্নীত হয়েছে।

গত অর্থবছরে এসকল বাগান থেকে ৫ হাজার ২৯ মে.টন রাবার উৎপাদন করা হয়, যা ১৯৯৫-৯৬ অর্থবছরে ছিল ২৯০০ মে.টন। চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৪ কোটি টাকা মুনাফা লাভ করতে সক্ষম হয়েছে।

বন মন্ত্রী বিএফআইডিসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার জন্যে চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ভৎর্সনা করেন।

মন্ত্রী বিএফআইডিসির অডিট আপত্তির বিষয় জানতে চাইলে কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে না পারায় তাদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠকে মালশিয়াসহ বিভিন্ন দেশের প্রযুক্তি কাজে লাগিয়ে একর প্রতি ২২৫টির অধিক রাবার গাছ উৎপাদনের জন্যে তাগিদ দেওয়া হয়।

বর্তমানে বিএফআইডিসিতে নিয়মিত অনিয়মিত ৩৬০০ শ্রমিক কাজ করছে, প্রতি ৬০০ গাছের পরিচর্যায় একজন করে শ্রমিক কাজ করছে।

বিএফআইডিসি রাবার বাগানে বয়সোত্তীর্ণ গাছ কেটে সেখানে নিজস্ব অর্থায়নে সাথে নার্সারি করার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন, গাছের জীবনচক্র শেষ হয়ে যাওয়ার ফলে রাবার উৎপাদন যাতে শেষ হয়ে না যায়, সে জন্যে নতুন নতুন বাগান করতে হবে, এর ফলে দেশ ভবিষ্যতে উপকৃত হবে।

এসময় অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরীসহ বিএফআইডিসি ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপন্থিত ছিলেন।